‘ভেলুপিল্লাই প্রভাকরনের ছেলেকে হত্যা করা হয়েছে’
শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নেতা ভেলুপিল্লাই প্রভাকরনের ১২ বছর বয়সী শিশুপুত্রকে লংকান সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
একটি আলোকচিত্রে দেখা যাচ্ছে, ভেলুপিল্লাই প্রভাকরনের ছেলে বালাচন্দ্রন প্রভাকরন একটি বেঞ্চে বসে চকলেট খাচ্ছে। এর ঠিক দুই ঘণ্টাপর তাকে হত্যা করা হয়।
শ্রীলঙ্কার গ্রুপ জার্নালিস্ট ফর ডেমক্রেসির (জেডিএস) আন্দোলনকারীরা জানিয়েছেন, বালাচন্দ্রনকে হত্যার প্রমাণ তাদের কাছে রয়েছে।
তবে এক সেনামুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তারা ‘মিথ্যা, অধ্যসত্য এবং গুজবের’ ভিত্তিতে কথা বলছেন।
জেডিএস জানিয়েছে, আলোকচিত্রগুলো ২০০৯ সালের ১৯ মে’র সকাল ১০.১৪ থেকে ১২.০১ সময়কালে একই ক্যামেরার মাধ্যমে তোলা হয়েছে।
আর ওইদিনটিই ছিল তামিল টাইগারদের বিরুদ্ধে লংকান সেনা বাহিনীর বিজয় অর্জনের শেষদিন। ওইদিনই দেশটিতে ২৬ বছর ধরে চলা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারী তামিল টাইগাররা কার্যত পরাজিত হয়।
ভেলুপিল্লাই প্রভাকরনও প্রায় একই সময়ে নানতিকাদাল হ্রদ ও সমুদ্রের মাঝামাঝি কোথাও নিহত হন। ওই অঞ্চলেই টাইগাররা শেষ একমাস আটকে ছিল। এবং এক রক্তাক্ত সহিংসতার মাধ্যমে যার পরিসমাপ্তি ঘটে।
সেনাবাহিনী দাবি করছে, বালাচন্দ্রন লড়াইতেই নিহত হয়েছে। কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, বালাচন্দ্রনকে অবশ্যই আত্মসমর্পণের পর হত্যা করা হয়েছে।
ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ক্যালুম ম্যাকরে বলেন, আলোকচিত্রগুলোতে দেখা যাচ্ছে, বালক বালাচন্দ্রন অক্ষত অবস্থায় সেনা হেফাজতে ছিল। কিন্তু এরপরই তাকে হত্যা করা হয়। তার বুকে ৫ বার গুলি করা হয়।
অথচ সরকার দাবি করছে ক্রসফায়ারে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, “তার (বালাচন্দ্রন) মৃত্যু এই বার্তা এবং বিবেচনাই আমাদের কাছে তুলে ধরে, এটি শিশুহত্যা, মোটেও যুদ্ধক্ষেত্রের মৃত্যু নয়, আর এ বিষয়ে এটি আমাদের শক্ত প্রমাণ।”
এই ছবিটিই তার হত্যাকাণ্ডের পরিস্থিতির পুরো বিবরণ তুলে ধরার পাশাপাশি শ্রীলঙ্কার সরকারকে আরো অনেক প্রশ্নের মুখোমুখি করবে।
কিন্তু সেনা মুখপাত্র রুয়ান ওয়ানিগাসুরিয়া বলেন, এই আলোকচিত্র কোনো প্রকৃত প্রমাণ নয়।
ছবিটি ক্যালুম ম্যাকরের সর্বসাম্প্রতিক প্রামাণ্যচিত্র ‘নো ফায়ার জোন’ সংক্ষেপে এনএফজেড এ প্রদর্শন করা হবে।
কাকতালীয়ভাবে মার্চ মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশন শুরুর সময়ই এই চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে।
২ বছর ধরে ব্রিটিশ চ্যানেল ফোরের জন্য ২০০৯ সালে তামিল টাইগারদের বিরুদ্ধে পরিচালিত শ্রীলঙ্কার সেনাবাহিনীর অভিযানে গুরুতর যুদ্ধাপরাধের প্রামাণ্য হিসেবে বিভিন্ন ভিডিও ফুটেজ সংগ্রহ করে তার ভিত্তিতে চলচ্চিত্রটি নির্মাণ করেন ম্যাকরে।
তবে এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে লঙ্কান সরকার।
নতুন এই চলচ্চিত্রটি মানবাধিকার পরিষদের অধিবেশন চলাকালে জেনেভা মানবাধিকার চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে।
