ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া পুনর্নির্বাচিত
ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া (৪৯) পুনর্নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এ জয় তিনি মিত্র ভেনেজুয়েলার অসুস্থ প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে উৎসর্গ করেছেন।
রোববার ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
৪০ শতাংশ ভোট গণণার পর দেখা যায় বামপন্থী ক্যারিশম্যাটিক এ নেতা ৫৭ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিয়ো পার্টির প্রার্থী গুয়িলারমো ল্যাসো পেয়েছেন ২৪ শতাংশ ভোট।
বাকী ভোট গণণায় নির্বাচনী এ ফলাফলে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলেই মনে করছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ।
বিজয় দাবি করার পর প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হওয়া উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন কোরেয়া।
প্রাসাদের বারান্দা থেকে তিনি বলেন, “এই বিপ্লব কেউ থামাতে পারবে না। ঔপনিবেশিক শক্তিগুলো এখন আর আমাদের অভিভাবক না। এই বিপ্লবের নিয়ামক শক্তি ইকুয়েডরের জনগণ এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।”
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা অর্থনীতিবিদ কোরেয়া ২০০৭ সালে প্রথমবারের মতো ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর গ্রামীণ এলাকা ও গরীব জনগণ অধ্যুষিত ছোট শহরগুলোর উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেন।
এসব এলাকায় নতুন নতুন রাস্তাঘাট, হাসাপাতাল ও শিক্ষপ্রতিষ্ঠান তৈরি করে দরিদ্রদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
“আমাদের ইকুয়েডরে রাফায়েল কোরেয়ার মতো প্রেসিডেন্ট দরকার। তিনি শক্ত লোক এবং কাউকে তার নীতির বিষয়ে নাক গলাতে দেন না। আমি খুবই উৎফুল্ল, আনন্দিত আর কৃতজ্ঞ,” বলেন ৪৬ বছর বয়সী নারী জুলিয়েটা মোইরা।
কোরেয়ার পুননির্বাচনে তার সমর্থকরা রাজধানী কুইটোর উত্তরের পাহাড় চূড়ার পার্কে সমবেত হয়ে তার দল আলিয়ানজা পেইস এর পতাকা দুলিয়ে উল্লাস করে।
