রাশিয়ায় উল্কাপাতে আহত ৯ শতাধিক
রাশিয়ার মধ্যাঞ্চলীয় উরাল এলাকায় শুক্রবার সকালে প্রচণ্ড বিস্ফোরণের পর আকাশ থেকে জলন্ত বস্তু এসে পড়েছে। প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় জানালার কাঁচ ভেঙে ৯শ ৫০ জন মানুষ আহত হয়েছে।
রাশিয়ার মধ্যাঞ্চলীয় উরাল পার্বত্য এলাকায় শুক্রবার সকালে উল্কাপাতে প্রচণ্ড বিস্ফোরণে জানালার কাঁচ ভেঙে অন্তত ৯৫০ জন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
মস্কো থেকে ১৫শ’ কিলোমিটার পূবের শিল্প শহর চেলিয়াবিনস্কে আকাশে উজ্জ্বল আলো ছড়িয়ে উল্কাপিণ্ডটি কাছাকাছি কোথাও মাটিতে এসে আঘাত হানে। এ শহরটিতেই বেশির ভাগ মানুষ আহত হয়েছে। ভাঙা কাঁচে জখম হয়েছে তারা।
সকালের পরিস্কার আকাশ থেকে প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে জলন্ত বস্তু এসে পড়ে মাটিতে।
জলন্ত ওই বস্তুপিণ্ডগুলো উল্কা বলে ধারণা করার কথা জানান, রাশিয়ার জরুরি উদ্ধার ও ত্রাণ বিভাগের এক কর্মকর্তা। চেলিয়াবিনস্কের শহর চেবারকুলের কাছে একটি লেকে এসে পড়ে বৃহদাকারের এ উল্কা।
দিগন্ত পার হয়ে শহরটির দিকে যাওয়ার সময় উল্কাটি সাদা ধোঁয়ার একটি দীর্ঘ রেখা রেখে যায়, যা ২শ’ কিলোমিটার দূরের ইয়েকেটেরিনবার্গ শহর থেকেও দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
চেলিয়াবিনস্কের গভর্নর মিখাইল ইউরেভিচের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে এ উল্কাপাতে ৯৫০ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
ওদিকে, রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার খবরে বলা হয়, চেলিয়াবিনস্কের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৯৮৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে ২০৪ জনই শিশু।
উল্কাপাতের সময় শিশুরা বেশিরভাগই স্কুলে ছিল। অনলাইনে পোস্ট করা ভিডিওতে তাদেরকে আতঙ্কে চিৎকার করতে দেখা গেছে। ভেঙে পড়তে দেখা গেছে জানালার কাঁচ।
ইয়েকেটেরিনবার্গের এক অধিবাসী বলেন, “আমি গাড়ি চালিয়ে কাজে যাচ্ছিলাম। তখন ছিল অন্ধকার।কিন্তু হঠাৎ করে চারিদিক দিনের মতো আলোকিত হয়ে উঠল। হেডলাইটের আলোয় আমি অন্ধ হয়ে গেছি বলে মনে হল।”
রাশিয়ার জরুরি উদ্ধার বিভাগের এক কর্মকর্তা জানান, “নিশ্চিতভাবেই এটি কোনো বিমান ছিল না।”
স্থানীয়রা জানিয়েছেন, তারা উরাল অঞ্চলের চেলিয়াবিনস্ক ও সেভারদবস্ক এলাকার আকাশে জলন্ত বস্তু দেখেছেন।
রাশিয়ার এ তিনটি অঞ্চলে শুক্রবার উল্কাপাতে আহত হয়ে চিকিৎসার শরণাপন্ন হওয়া মানুষের সংখ্যা ৪শ’ ছাড়িয়ে যাওয়ার খবর অনেক আগেই জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিন অঞ্চলের কমপক্ষে ছয়টি শহর উল্কাপাতের শিকার হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদক জানিয়েছেন, ভোরে তিনি প্রচণ্ড শব্দ শুনেছেন এবং এর প্রভাবে তার ১৯ তলা ভবনটি কেঁপে উঠেছে।
তিনি গাড়ির হর্ণের শব্দ ও জানালা ভেঙে পড়ার শব্দ পেয়েছেন বলেও জানিয়েছেন।
জরুরি বিভাগের আরেক কর্মকর্তা আরআইএ- নভোস্তিকে বলেছেন, “প্রাথমিক তথ্যানুযায়ী, এটিকে উল্কাপাত বলেই ধারণা করা হচ্ছে। ভূমি থেকে ১০ কিলোমিটার উচ্চতায় একটি বিস্ফোরণ ঘটেছে বলে আমরা প্রমাণ পেয়েছি।”
উল্কার আঘাতে মাটি কেঁপে ওঠার কথা জানিয়েছে চেলিয়াবিনস্ক এলাকার মানুষ।
