ইউরোজোনে মন্দা বেড়েছে
ইউরোজোনে ২০১২ সালের শেষ তিনমাসে অর্থনৈতিক মন্দা বেড়েছে।এমনটিই দেখা গেছে সরকারি এক পরিসংখ্যানে।
ইউরোজোনের ১৭ টি দেশে পূর্বধারণা ছাড়িয়ে গেছে অর্থনীতির নিম্নগতি।এসব দেশে গত বছর চতুর্থ প্রান্তিকে অর্থনীতি সঙ্কুচিত হয়েছে ০ দশমিক ৬ শতাংশ।
২০১২ সালের প্রথম তিনমাসে অর্থনৈতিক উন্নয়ন হয়নি।দ্বিতীয় প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে গেছে ০ দশমিক ২ শতাংশ এবং তৃতীয় প্রান্তিকে তা ০ দশমিক ১ শতাংশ কমেছে।
২০০৯ সালের শুরু থেকে ইউরোজোনে গত বছরই অর্থনীতি সঙ্কুচিত হয়েছে সবচেয়ে বেশী। তাছাড়া, এই প্রথম এ অঞ্চলে সারা বছর জুড়েই অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল নিম্নগামী।এতে করে ডলারের বিপরীতে ইউরোর মান তিন-সপ্তাহের মধ্যে সর্বনিম্নে চলে যায়।
ইউরোজোনে সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে গত বছরের শেষ দিকে অর্থনীতি সঙ্কুচিত হয়েছে ০ দশমিক ৬ শতাংশ।ফ্রান্সে অর্থনীতি সঙ্কুচিত হয়েছে ০ দশমিক ৩ শতাংশ এবং ইতালিতে ০ দশমিক ৯ শতাংশ।
অর্থনীতি বিশেষজ্ঞরা এ বছর ইউরোজোনে অর্থনৈতিক প্রবৃদ্ধি গতি পাওয়ার আশা করলেও তা খুব বেশি হবে না বলেই মনে করছেন।ফলে অর্থনৈতিক মন্দার সামাজিক প্রভাব কিছু কিছু দেশে আগামীতেও প্রকট থেকে যাওয়ার আশঙ্কা আছে।
