২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান ঘাঁটির পতন, চাপে আসাদ বাহিনী

সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী যোদ্ধারা উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর নিকটবর্তী একটি সামরিক বিমান ঘাঁটি দখল করে নিয়েছে। এতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনী আরেকটি সামরিক বিপর্যয়ের মুখোমুখি হল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Feb 2013, 09:08 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

মঙ্গলবার সিরিয়ার শিল্প ও বাণিজ্যাঞ্চল এবং তেল ও গম উৎপাদন অঞ্চলের মধ্যবর্তী ওই বিমান ঘাঁটিটি দখল করে বিদ্রোহীরা।

সামরিক কৌশলগতভাবে বিমান ঘাঁটিটির এ অবস্থান খুব গুরুত্বপূর্ণ।

সিরিয়ার বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক-বেসামরিক উভয় কাজে ব্যবহৃত আলেপ্পো বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটির দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী।

এই ঘাঁটিটি থেকে আলেপ্পোর শহরতলীতে প্রবেশে বিদ্রোহীদের বাধা দেওয়া হতো বলে জানিয়েছে তারা।

সিরিয়ায় বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যমের কার্যক্রম নিষিদ্ধ থাকায় স্থলযুদ্ধে সত্যিই কি হচ্ছে তা যাচাই করা প্রায় অসম্ভব। ফলে বিভিন্ন পক্ষের দাবির ভিত্তিতেই যুদ্ধের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা করতে হচ্ছে।

সিরিয়ার সামরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মধ্যপ্রাচ্যভিত্তিক এমন একজন কূটনীতিক জানিয়েছেন, “সরকারবিরোধীরা আলেপ্পোতে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে বলেই মনে হচ্ছে।”

রাজধানী দামেস্কের চারপাশের রিং রোডের একটি অংশের সরকারী প্রতিরক্ষা ব্যুহ ভেঙে শহরটির প্রাচীন কেন্দ্রের কাছাকাছি বিদ্রোহীদের একটি অংশ প্রবেশ করেছে বলে তিনি জানিয়েছেন।

তিন সপ্তাহ আগে বিরোধী রাজনৈতিক নেতারা প্রেসিডেন্ট আসাদের দেশত্যাগ নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়ার পর থেকে লড়াই আরও তীব্র রূপ নিয়েছে।

সিরিয়ার আসাদ সরকারের পক্ষ থেকে এই প্রথম “জাতীয় ঐক্য” বিষয়ক মন্ত্রী আলি হায়দার সিরিয়ার বিরোধীদলীয় জোট নেতা মুয়াজ আল খতিবের সঙ্গে সরাসরি কথা বলার জন্য বিদেশ ভ্রমণে রাজি আছেন বলে জানিয়েছেন।

এর আগে সিরিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিদ্রোহীদের সঙ্গে যুক্ত নয় এমন দেশপ্রেমিক বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠকে ইচ্ছুক তারা।

কিন্তু গত বছর অহিংস বিরোধীদলীয় নেতা আব্দেল জাজিজ আল খায়েরকে গ্রেপ্তার করার পর থেকে প্রায় সব মধ্যপন্থী বিরোধীদলীয় নেতাই দেশ ছেড়েছেন।

তবে আলোচনায় ক্ষমতা হস্তান্তরের কোনো প্রসঙ্গ স্থান পাবে না বলে জানিয়ে দিয়েছেন হায়দার।

এদিকে, মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার নাভি পিল্লাই বলেছেন, সিরিয়ার গৃহযুদ্ধে নিহতের সংখ্যা ৭০ হাজারের কাছাকাছি চলে গেছে।