ভারতে মেডিকেলে অটিজম পড়ানোর প্রস্তাব
মেডিকেলের পাঠ্যসূচিতে অটিজম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি নিয়েছে ভারত সরকার।
সোমবার নয়া দিল্লিতে সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্কের (এসএএএন) প্রথম সম্মেলনে ভারত সরকারের পক্ষ থেকে এ প্রতিশ্রুতি দেয়া হয়। দেশটিতে প্রায় ৮০ লাখ অটিস্টিক শিশু রয়েছে।
অটিজম আক্রান্ত শিশুর স্নায়ুবিক বিকাশ ব্যাহত হওয়ার কারণ সম্পর্কে ভালোভাবে জানা-বোঝার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারতে মেডিকেলের পাঠ্যসূচিতে অটিজম অন্তর্ভুক্ত করা হলে এই অঞ্চলে এ বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষক। তাদের মতে ভারতের পথ ধরে অন্যান্য দেশেও মেডিকেলের পাঠ্যসূচিতে তা অন্তর্ভুক্ত করা হতে পারে।
২০১১ সালের জুলাইয়ে ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলেনে আটটি দেশের সমন্বয়ে সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক আত্মপ্রকাশ করে। এই নেটওয়ার্কের সদস্য রাষ্ট্রগুলো হলো-বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার ও পূর্ব তিমুর।
ঢাকার ওই সম্মেলনে এই অঞ্চলের বিভিন্ন দেশের সরকারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বক্তব্য দেন। সোমবারও সম্মেলনে বক্তব্য দেন সোনিয়া গান্ধী। অটিজম বিষয়ক নীতি উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অটিজম আক্রান্তদের কল্যাণে বাংলাদেশের উত্থাপিত একটি প্রস্তাব গত বছর ডিসেম্বরে গ্রহণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। অটিস্টিকদের স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তামূলক কর্মকাণ্ডে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে উদ্যোগে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় ওই প্রস্তাবে।
বাংলাদেশে অটিজম আক্রান্তদের সংখ্যা সম্পর্কে সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয় প্রতি হাজারে আটজন এ সমস্যায় ভুগছেন।
