২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র

ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে একটি তুষার ঝড় যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চল ৪০ ইঞ্চি তুষারে ঢেকে দেওয়ার পর দেশটির উত্তরাঞ্চলীয় সমভূমির দিকে ধেয়ে আসছে আরেকটি তুষার ঝড়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 Feb 2013, 07:24 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

এছাড়া দক্ষিণপূর্ব অঞ্চলে আঘাত হেনেছে একটি টর্নেডো। আরো কয়েকটি টর্নেডো আঘাত হানতে পারে বলে রোববার সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর।

শনিবার উত্তরপূর্বাঞ্চলে প্রবল তুষার ঝড়ে অন্তত ১০ জন নিহত হয়। রোববার ঝড়টি সরে গেলে দুর্গত এলাকার লোকজন বেলচা নিয়ে রাস্তাঘাট থেকে তুষার সরানোর কাজ শুরু করে।

রোববার দক্ষিণপূর্বাঞ্চলের মিসিসিপিতে একটি টর্নেডোর আঘাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে আবহাওয়া দপ্তরের কর্মকর্তা আন্না ওয়েবার জানিয়েছেন।

এদিকে নিউইয়র্কের আবাসিক এলাকার তুষারে ঢাকা রাস্তাগুলোর তুষার পরিষ্কার করার কাজ শুরু করেছে নগর কর্তৃপক্ষ। এতে তুষারে আটকে পড়া হাজার হাজার গাড়ি উদ্ধারের সুযোগ পাচ্ছেন গাড়িগুলোর মালিকরা।

সোমবার দ্বিতীয় দফায় আবহাওয়া আবার তীব্র রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রায় বরফশীতল বৃষ্টিপাতের সঙ্গে আরো তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। এতে পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার বোস্টনের স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মেয়র টম মেনিনো। দুই ফুট তুষারে ঢেকে যাওয়া শহরটির বিভিন্ন এলাকা পরিদর্শনের পর তিনি এ নির্দেশ দেন।

উত্তরপূর্বাঞ্চলের নয়টি রাজ্যে এখনও প্রায় সাড়ে ৩ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন বলে জানিয়েছে সঞ্চালক কোম্পানিগুলো। প্রচণ্ড তুষারপাতের ফলে গাছের ডালপালা ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার ফলে এ পরিস্থিতি তৈরি হয়।

বিমান উড্ডয়ন সংস্থাগুলো জানিয়েছে, শুক্র ও শনিবার প্রায় ৫ হাজার ৮শ’ বিমান ফ্লাইট বাতিলের পর রোববার থেকে স্বাভাবিক বিমান চলাচল আবার শুরু হয়েছে।

কেন্দ্রিয় বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, কানেকটিকাটের ব্রাডলি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্ক রাজ্যের ম্যাকার্থার বিমানবন্দর রোববার সকালে থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে।

বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার সন্ধ্যা থেকেই চালু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার বিকেল থেকে এসব অঞ্চলের আকাশ পরিষ্কার হয়ে ঝকঝকে নীলাকাশ দেখা যায় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। তবে তখনো লোকজন বরফের নীচে চাপা পড়া রাস্তা ও গাড়ি উদ্ধারে ব্যস্ত ছিল।

যখন এই এলাকাগুলোর জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে ঠিক সেসময় উত্তরের বিশাল সমভূমি এলাকার দিকে ঘনিয়ে আসছে আরেকটি তুষার ঝড়।

নতুন এ ঝড়টি সোমবার কলোরাডো থেকে মধ্যাঞ্চলীয় মিনেসোটা পর্যন্ত বয়ে যাবে এবং এই এলাকাগুলো এক ফুট তুষারের নীচে চাপা পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড়টি দক্ষিণ ডাকোটা, নেব্রাস্কা, উত্তর ডাকোটা, ইউয়োমিং ও উইসকন্সিনের ওপর দিয়ে বয়ে যাবে।