২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তি অসম্ভব’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবশালী রাজনৈতিক শরীক দলের নেতা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি করার সুযোগ ইসরায়েলের নেই।এর চেয়ে বরং তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী একটি অন্তর্বর্তী চুক্তি করার চেষ্টা চালানো উচিত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Feb 2013, 12:37 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

ইসরায়েলে ২২ জানুয়ারির সাধারন নির্বাচনে নেতানিয়াহুর সঙ্গে জোটবদ্ধ হয়ে অল্প ব্যবধানে জয়ী হয়েছে লিবারম্যানের দল।এরই মধ্যে তার এ মন্তব্যে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে নতুন করে শান্তিপ্রক্রিয়া শুরুর আশা মুখ থুবড়ে পড়বে বলেই মনে করা হচ্ছে।

অবুঝরাই সামাজিক-কূটনৈতিক প্রচেষ্টায় যাদুর মতো ফিলিস্তিনের সঙ্গে সামগ্রিকভাবে শান্তিতে পৌঁছানোর কথা চিন্তা করতে পারে উল্লেখ করে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল টু তে এক সাক্ষাৎকারে লিবারম্যান বলেন, “এটি অসম্ভব।এক্ষেত্রে সংঘাতের সমাধান আসতে পারে না। সংঘাত সামাল দেয়া যেতে পারে। আর তা সামাল দেয়া…দীর্ঘমেয়াদী একটি অন্তর্বর্তী চুক্তি নিয়ে আলোচনা করা জরুরি।”

সঙ্কট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা সচল করার বিষয়টি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপরই নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।

লিবারম্যানের এ সমস্ত কথা তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছেন নেতানিয়াহুর মুখপাত্র মার্ক রেগেভ।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদে আব্বাস ২০১০ সালের শেষের দিকে শান্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যান।সম্প্রতি ফিলিস্তিন জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করায় ক্ষুব্ধ ইসরায়েল নতুন করে অধিকৃত এলাকায় বসতিস্থাপন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে বেশির ভাগ দেশই ইসরায়েলের এ বসতিস্থাপনকে অবৈধ বলেই গন্য করে।আব্বাস ইসরায়েলের কাছে সমস্ত বসতিস্থাপন বন্ধের দাবি জানিয়েছেন।

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের প্রথম অন্তর্বর্তী চুক্তির দু’দশক পেরোলেও ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি মর্যাদা না পেলে নতুন কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন আব্বাস।