২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিশিয়ায় শেষকৃত্যানুষ্ঠানে সহিংসতা

তিউনিশিয়ার নিহত বিরোধীদলীয় নেতা চোকরি বেলাইদ এর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়নের ডাকে দেশব্যাপী ধর্মঘটের পাশাপাশি তাকে সমাহিত করার প্রস্তুতি চলার সময় শোকার্ত জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 06:48 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

তিউনিসে বেলাইদের কফিন সমাধিস্থলের কাছে বয়ে নিয়ে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের দিকে পাথর ছুড়ে মারে বিক্ষুব্ধ জনতা।কয়েকটি গাড়িও জ্বালিয়ে দেয় তারা। পাল্টা জবাবে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছেও বিক্ষোভে পুলিশ টিয়ারগ্যাস ছুড়েছে।

রাজধানী তিউনিসে নিহত নেতার শেষকৃত্যানুষ্ঠানে জড়ো হওয়া জনতা নতুন বিপ্লবের ডাক দিয়ে স্লোগান দেয়।

শেষকৃত্যে যোগ দিতে তিউনিসের জেবেল জেল্লৌদ শহরতলীতে একটি ভবনের বাইরে প্রাথমিকভাবে জড়ো হয় ৩ হাজার মানুষ। যে ভবনে রাখা ছিল ফুলে ঢাকা বেলাইদের কফিন।

সমবেত জনতা এন্নাহদা পরিচালিত সরকারকে হত্যাকাণ্ডের জন্য দোষারোপ করে এবং বেলাইদের জন্য নিজেদের উৎসর্গ করার স্লোগান দেয়।

এরপর কাছাকাছি আল-জেল্লাজ সমাধিস্থলে বেলাইদের কফিন নিয়ে যাওয়ার শোক মিছিলে সামিল হয় আরো হাজার হাজার মানুষ।একটি খোলা সামরিক ট্রাকে করে সমাধিস্থলে নেয়া হয় তিউনিশিয়ার লাল-সাদা পতাকা মোড়া বেলাইদের কফিন।

“বেলাইদ শান্তিতে ঘুমাও। আমরা সংগ্রাম চালিয়ে যাব” স্লোগান দেয় সমবেত জনতা। তাদের অনেকেরই হাতে ছিল বেলাইদের ছবি।

গত বুধবার কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হওয়ার পরপরই অজ্ঞাত হামলাকারীরা গুলিবর্ষণে নিহত হন তিউনিশিয়ার বামপন্থী নেতা চোকরি বেলাইদ। হত্যাকাণ্ডের দায়িত্ব কেউ স্বীকার করেনি।

তার হত্যাকাণ্ডের পরপরই রাজধানী তিউনিসসহ দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সহিংস প্রতিবাদ শুরু করে।

শুক্রবার বৃহত্তম শ্রমিক ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটের কারণে দুই বছর আগের একনায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলনকালীন পরিস্থিতি আবার ফিরে আসার আশঙ্কা দেখা দিয়েছে।

দুই বছর আগে আরব বিশ্বের স্বৈরাচারী সরকারগুলোর বিরুদ্ধে ‘আরব বসন্ত’ নামে পরিচিতি পাওয়া বিপ্লব তিউনিশিয়া থেকেই শুরু হয়েছিল। ওই গণতান্ত্রিক আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ২৪ বছর ধরে তিউনিশিয়া শাসন করা একনায়ক জিনে আল আবেদিন বেন আলি।

২০১১ সালের জানুয়ারিতে বেন আলি পদত্যাগ করার পর অবাধ নির্বাচনে জিতে ইসলামপন্থি দলের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতাসীন হয়। কিন্তু সরকারের সঙ্গে বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে মতবিরোধে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকে।

নিহত বেলাইদ ইসলামপন্থি সরকারের তীব্র সমালোচক ছিলেন। তার হত্যার জন্য ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারকেই দায়ী করেছে বিরোধীদলগুলো। যথারীতি অভিযোগ অস্বীকার করেছে সরকার।

এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসলামপন্থি প্রধানমন্ত্রী হামিদ জেবালি সরকার ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচন তত্ত্বাবধান করার জন্য অরাজনৈতিক সরকার গঠন করা হবে বলেও ঘোষণা করেছেন তিনি।

তার এই সিদ্ধান্ত কার্যকর হতে পার্লামেন্টের অনুমোদ লাগবে। কিন্তু নিজ সরকারের মিত্ররাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

জেবালির নিজ দল এন্নাহদাসহ ক্ষমতাসীন জোটের তিনটি দলসহ বিরোধী কয়েকটি দলও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করেছে। আলোচনা না করে এরকম কোনো সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিতে পারেন না বলে দাবি করেছে দলগুলো।

আর অরাজনৈতিক সরকারের বিরোধিতা করে ঐক্যমতের জাতীয় রাজনৈতিক সরকারের দাবি জানিয়েছে তারা।

পরিস্থিতি বিশ্লেষণ করে এক রাজনৈতিক পর্যবেক্ষক বলেছেন, “লক্ষন দেখে মনে হচ্ছে কোনো রাজনৈতিক সমঝোতা হবে না, সামাজিক অস্থিরতা আরো বেড়ে অবস্থা এমন হতে পারে যা পুলিশ সামলাতে পারবে না।”

“অস্থিরতা দুই সপ্তাহের বেশি গড়ালেই সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে, তাতে অরাজনৈতিক সরকারের মাধ্যমে নতুন নির্বাচনের দিকে দেশ এগিয়ে যেতে পারে,” বলেন তিনি।

এদিকে, বৃহস্পতিবার চোকরির বিধবা স্ত্রী বেসমা বলেছেন, “অপরাধীরা চোকরির দেহকে হত্যা করেছে, কিন্তু তার সংগ্রামকে হত্যা করতে পারবে না।”

পুরনো খবর:

রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হচ্ছে তিউনিশিয়ায়