২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হচ্ছে তিউনিশিয়ায়

তিউনিশিয়ায় বিরোধী নেতা চোকরি বেলাইদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রতিবাদ-বিক্ষোভ বাড়তে থাকার পাশাপাশি ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সঙ্কট।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Feb 2013, 09:53 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

দেশবাসীকে শান্ত করতে তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হামাদি জেবালি বুধবার সরকার ভেঙে দিয়ে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেয়াসহ নতুন নির্দলীয় অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করলেও খোদ ক্ষমতাসীন এন্নাহদা পার্টি থেকেই বিরোধিতার মুখে পড়েছেন তিনি।

প্রধানমন্ত্রী দলের মতামত না নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে অভিযোগ করেছেন পার্টির ভাইস প্রেসিডেন্ট আব্দুলহামিদ জেলাসি।

তিনি বলেন, “আমরা এন্নাহদার সদস্যরা মনে করি তিউনিশিয়ায় এখন একটি রাজনৈতিক সরকার দরকার। আমরা জোট সরকার গঠন নিয়ে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা চালাব।”

ওদিকে, তিউনিশিয়ার প্রধান বিরোধীদলগুলোও নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এবং কোনো নতুন সরকার গঠনের আগে তাদের সঙ্গে আলোচনা করার দাবি জানিয়েছে।

এর আগে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাতীয় গণপরিষদ থেকে বেরিয়ে গেছে বেলাইদির পপুলার ফ্রন্টসহ ৪টি বিরোধীদল।

ঘনিয়ে ওঠা এ রাজনৈতিক সঙ্কটের মধ্যে তিউনিশিয়ার রাজধানীসহ আরো কয়েকটি শহরে বিক্ষোভ-সংঘর্ষ চলছেই। রাজধানী তিউনিস এবং গাফসা শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ।

গাফসায় বিক্ষোভকারীরা গভর্নরের কার্যালয়ের বাইরে মিছিল-সমাবেশ করেছে। পুলিশের দিকে পাথর, পেট্রোল বোমাও ছুড়ে মারে বিক্ষুব্ধরা।নতুন বিপ্লবের স্লোগান দিয়ে এন্নাহদা পার্টির নথিপত্র জ্বালিয়ে দেয় বিরোধীকর্মীরা।

এরইমধ্যে বেলাইদি হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার তিউনিশিয়াজুড়ে আইনজীবী ও বিচারকরা দু’দিনের ধর্মঘটে নেমেছে বলে জানিয়েছে বিবিসি।

রাজধানী তিউনিসে গত বুধবার বেলাইদ কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোনোর পর ঘাতকের গুলিতে নিহত হন।

বেলাইদ ছিলেন তিউনিশিয়ার মধ্যপন্থি ইসলামিক-নেতৃত্বাধীন সরকার বিরোধী পপুলার ফ্রন্ট পার্টির নেতৃস্থানীয় ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ।সরকারের স্পষ্টভাষী একজন সমালোচকও ছিলেন তিনি।

তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বাইরের রাস্তায় শুরু হয় বিক্ষোভ।দ্বিতীয় আরেকটি বিপ্লবের দাবিতে স্লোগান দেয় বিক্ষুব্ধরা।

মুহূর্তের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ-অস্থিরতা।বিভিন্নস্থানে ক্ষমতাসীন এন্নাহদা পার্টির কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া মাহদিয়া, সৌউসে, মোনাস্তির এবং সিদি বৌজিদসহ অন্যান্য শহরেও বিক্ষোভ করে হাজার হাজার মানুষ।

বেলাইদ হত্যার জন্য কে বা কারা দায়ী তা জানা যায়নি।তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হামাদি জেবালি এ হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী তৎপরতা’ এবং দেশের ‘আরব বসন্ত’ বিপ্লবের জন্য বড় ধাক্কা বলে বর্নণা করেন।

পরে জনগণকে শান্ত করতে জাতির উদ্দেশ্য এক টেলিভিশ ভাষণে জেবালি নতুন সরকার গঠনের ঘোষণা দিয়ে বলেন, তিনি দেশের দক্ষ মানুষদের নিয়ে একটি সরকার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন যাদের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তারা দেশ চালাবেন।