জাপানের আকাশসীমা লঙ্খন করেছে রাশিয়া
রাশিয়ার দুটো জঙ্গি বিমান বৃহস্পতিবার জাপানের আকাশসীমা লঙ্ঘন করেছে।উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের কাছে এক মিনিটের কিছু বেশি সময়ের জন্য রাশিয়ার বিমানের উপস্থিতি লক্ষ্য করার পর এর প্রতিবাদ জানায় জাপান।
তবে রাশিয়ার সেনাবাহিনী বিরোধপূর্ণ দ্বীপের কাছে জঙ্গি বিমান অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করে বলেছে, বিমানগুলো ওই এলাকায় নিয়মিত উড্ডয়ন মিশনে ছিল।
রাশিয়ার কাছে দক্ষিণাঞ্চলীয় কুরিল এবং জাপানের কাছে উত্তরাঞ্চলীয় এলাকা হিসাবে পরিচিত ৪ টি দ্বীপ নিয়ে দু’দেশের মধ্যে ৬০ বছর ধরে বিরোধ চলছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে রাশিয়ার সঙ্গে দ্বীপ নিয়ে এ বিরোধ নিষ্পত্তির পথ খুঁজছেন বলে জানানোর পর সেখানে রুশ জঙ্গিবিমানের আকাশসীমা লঙ্ঘনের ওই ঘটনা ঘটল।
জাপানের কিয়োদো বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার দুটি এসইউ-২৭ জঙ্গি বিমান উত্তরের অঞ্চলে যাওয়ার আগে জাপান সাগরের ওপর দিয়ে দক্ষিণে উড়ে যায়।এর জবাবে জাপানও ওই এলাকায় এফ-২ জঙ্গি বিমান পাঠায়।
জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, রাশিয়া ফেডারেশনের সামরিক জঙ্গি বিমান হোক্কাইডো দ্বীপের রিশিরি দ্বীপে কাছে জাপানের আকাশসীমা লঙ্ঘন করেছে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তা ইওশিহিদে ইওশহিদা সাংবাদিকদের বলেন, “আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি ইচ্ছাকৃত নাকি নিছক একটি দুর্ঘটনা তা স্পষ্ট নয়। তবে ঘটনাটি খুবই সমস্যাসৃষ্টিকারী।”
