যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না ইরান
ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এ সপ্তাহে ইরানকে ওই প্রস্তাব দেন।
পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাব বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
‘আলোচনা সমস্যার সমাধান বয়ে আনবে না’ বলে মন্তব্য করেন তিনি।
ইরানি গণমাধ্যম আইআরআইবি জানায়, ইরানের এয়ারোস্পেস ফোর্স এর সদস্যবৃন্দ ও কর্মকর্তাদের উদ্দেশ্যে এক বক্তব্যে খামেনি বলেছেন, “অনভিজ্ঞ কিছু মানুষ আমেরিকার সঙ্গে আলোচনার উদ্যোগ পছন্দ করে। কিন্তু আলোচনায় আসলে সমস্যার সমাধান হবে না।”
তিনি আরো বলেন, “কিছু মানুষ ফের ইরানের ওপর মার্কিন শাসন কায়েম হতে দেখতে চাইলে ইরান উঠে দাঁড়াবে এবং তাদেরকে মোকাবেলা করবে।”
“মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতি ব্যর্থ হয়েছে। এখন আমেরিকাকে নতুন চাল চালতে হচ্ছে। আর এই চালই হচ্ছে ইরানকে আলোচনায় টেনে আনা,” বলেন খামেনি।
এর কয়েকদিন আগে জো বাইডেন মিউনিখে এক বক্তব্যে বলেছিলেন, “যুক্তরাষ্ট্র ইরানের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে প্রস্তুত।”
বাইডেনের এ প্রস্তাবের জবাবেই খামেনি ওই প্রতিক্রিয়া জানালেন।
পশ্চিমা বিশ্বের সন্দেহ ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশটি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তারা এই কর্মসূচি চালাচ্ছে বলে দাবি করে আসছে।
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের আলোচনা বর্তমানে কেবল বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে চলছে।ছয়বিশ্বশক্তির সঙ্গে ইরানের আলোচনা আবার হওয়ার কথা রয়েছে ২৬ ফেব্রুয়ারিতে কাজাখস্তানে।
