ইরানের ওপর নিষেধাজ্ঞা আরো বাড়াল যুক্তরাষ্ট্র
বর্তমান নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ছাড় গ্রহণকারী দেশগুলোর মধ্যে ইরান যে ৯টি দেশে তেল বিক্রি করছে সেসব দেশ থেকে বিক্রয়লব্ধ অর্থ ইরানের কাছে যেতে পারবে না। ওইসব দেশেই তা জমা রাখতে হবে।
ইরানের ওপর চলমান নিষেধাজ্ঞা আরো কঠোর করেছে যুক্তরাষ্ট্র। ইরানকে বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে আরোপিত নিষেধাজ্ঞা আরো কঠোর করা হল।
পশ্চিমা বিশ্বের সন্দেহ ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশটি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তারা এই কর্মসূচি চালাচ্ছে বলে দাবি করে আসছে।
ইরানের তেলবিক্রি থেকে আয়ের ওপর আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের ওপরও এবার নিষেধাজ্ঞা সম্প্রসারণ করা হল বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
ছয় মাস আসে মার্কিন কংগ্রেসে পাস হওয়া একটি বিলের পরিপ্রেক্ষিতে বর্তমান সম্প্রসারিত নিষেধাজ্ঞাটি কার্যকর হওয়া শুরু হয়।
মার্চে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে।
বর্তমান নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ছাড় গ্রহণকারী দেশগুলোর মধ্যে ইরান যে ৯টি দেশে তেল বিক্রি করছে সেসব দেশ থেকে বিক্রয়লব্ধ অর্থ ইরানের কাছে যেতে পারবে না। ওইসব দেশেই তা জমা রাখতে হবে।
বিক্রয়লব্ধ অর্থ শুধুমাত্র ওইসবদেশ থেকে পণ্য কেনার ক্ষেত্রেই ইরান ব্যয় করতে পারবে।
দেশগুলোর মধ্যে চীন, ভারত ও তুরস্কও রয়েছে।
ইরানের নেতৃস্থানীয় এক রাজনীতিক জানুয়ারিতে জানিয়েছিলেন, নিষেধাজ্ঞার কারণে গত ৯ মাসে দেশটির তেলবিক্রি থেকে আসা আয় ৪৫ শতাংশ কমে গেছে।
