মিশরে আহমাদিনেজাদকে জুতা
মিশর সফরকালে রাজধানী কায়রোয় একটি মসজিদ পরিদর্শনের সময় ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের দিকে জুতা ছুড়ে তাকে আঘাত করার চেষ্টা চালায় এক ব্যক্তি।এ সময় নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে।
ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ‘কাপুরুষ’ বলে চীৎকার করে উঠে জুতা ছুড়ছে।তার উদ্দেশ্য কি ছিল সে সম্পর্কে পরিস্কার কিছু জানা যায়নি।
তবে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া সরকারের প্রতি ইরান সরকারের সমর্থনের প্রতিবাদেই এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার কায়রোর আল হুসেইন মসজিদ পরিদর্শন শেষে চলে যাওয়ার সময় ঘটে এ ঘটনা।জুতা নিক্ষেপকারী একজন সিরীয় বলে ধারণা করা হচ্ছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রথম ইরানি প্রেসিডেন্ট হিসাবে মিশর সফর করছেন মাহমুদ আহমাদিনেজাদ।
তার এ সফরকে মিশরে প্রথম ইসলামপন্থি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির সঙ্গে ইরানের সম্পর্কোন্নয়নের লক্ষণ বলেই মনে করা হচ্ছে।
মিশর সফরকালে অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন এর সম্মেলনে যোগ দিচ্ছেন।
মিশরে হোসনি মুবারকের শাসনকালে ইরানের প্রেসিডেন্টের এ ধরনের সফর ছিল অচিন্তনীয়। সামরিক বাহিনী-সমর্থিত একনায়ক মুবারক ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি রক্ষা করে চলেছেন এবং কায়রোর সঙ্গে পশ্চিমের গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন।
কিন্তু গত বছর জুনে মিশরে ইসলামপন্থি রাষ্ট্রপ্রধান মোহাম্মদ মুরসি নির্বাচিত হওয়ার পর দেশটির সঙ্গে ইরানের সম্পর্কোন্নতি ঘটছে।আহমাদিনেজাদের এ সফরে সে লক্ষণই স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
