বিন লাদেনের অ্যাবোটাবাদে বিনোদন পার্ক
তবে বিন লাদেনের বাড়িটি ইতোমধ্যে ধ্বংস করা হলেও ওই বাড়ির ওপর পার্কের কোনো স্থাপনা তৈরি করা হবে না। ওই জায়গায় কিছু সরকারি বাসভবন তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।
আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার ঘটনার স্বাক্ষী অ্যাবোটাবাদ শহরকে একটি বিনোদন পার্কে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ভবিষ্যতে ওই শহরটি একটি পর্যটনকেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
২০১১ সালের ২ মে অ্যাবোটাবাদের একটি বাড়িতে ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ইউএস নেভি সিলের সদস্যরা। ওই বাড়িতে নিজ পরিবারসহ বসবাস করছিলেন তিনি।
তবে এ পার্কের সঙ্গে ওসামা বিন লাদেনের কোনো সম্পর্ক থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বরং সেখানে চিড়িয়াখানা, মিনি গল্ফ, পর্বতারোহন, প্যারাগ্লাইডিংসহ বিনোদনের বিভিন্ন ব্যবস্থা করা হবে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের কর্মকর্তারা জানান, এ পার্কটি পাঁচ বছরের মধ্যে তৈরি করা হবে এবং এতে ব্যয় হবে তিন থেকে পাঁচ কোটি মার্কিন ডলার।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সৈয়দ আকিল শাহ বলেন, প্রাথমিকভাবে ৫০ একর জুড়ে তৈরি করা হবে বিনোদন কেন্দ্রটি। পরবর্তীতে এটি পাঁচশ’ একর পর্যন্ত বিস্তৃত হবে।
তবে বিন লাদেনের বাড়িটি ইতোমধ্যে ধ্বংস করা হলেও ওই বাড়ির ওপর পার্কের কোনো স্থাপনা তৈরি করা হবে না। ওই জায়গায় কিছু সরকারি বাসভবন তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।
ইসলামাবাদ থেকে ১২০ কিলোমিটার উত্তরে হিমালয়ের পাদদেশে অবস্থিত পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদ ২০১১ সালের আগে তেমন পরিচিত ছিলো না।
পাকিস্তানের মাটিতে ওসামা বিন লাদেনের অবস্থান ও পাকিস্তানকে না জানিয়ে তাকে হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি ঘটে। সাম্প্রতিক সময়ে বিন লাদেনের হত্যার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘জিরো ডার্ থার্’ মুক্তি পাওয়ার পরে ঘটনাটি নতুন করে আলোচনায় উঠে আসে। চলচ্চিত্রটি পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে।
