আন্তর্জাতিক ফুটবল ম্যাচ ফিক্সিং চক্র শনাক্ত
সিঙ্গাপুর কেন্দ্রিক একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ ফিক্সিং চক্র শনাক্ত করেছে ইউরোপীয় তদন্তকারীরা। ফুটবল বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডসহ কয়েকশত ম্যাচের ফলাফল এ চক্রের মাধ্যমে নির্ধারিত হয়েছিল বলে ধারণা করছেন তারা।
সোমবার ইউরোপীয় পুলিশ বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও হাজার হাজার কোটি টাকার শিল্পে পরিণত হওয়া এই খেলাটির জন্য এটি একটি বড় আঘাত।
তদন্তদলে ইউরোপীয় পুলিশের সঙ্গে ইউরোপীয় অপরাধ-বিরোধী সংস্থা ইউরোপোল ও সরকারী আইনজীবীরাও যুক্ত ছিলেন।
বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড, ইউরোপীয় চ্যাম্পিয়ন্সশিপসহ চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ ইউরোপীয় ক্লাবগুলোর পক্ষে প্রায় ৬৮০টি ম্যাচের ফলাফল পূর্বেই নির্ধারিত হয়েছিল বলে ধারণা করছেন এই তদন্তকারীরা।
২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল। এরমধ্যে ৩৮০টি ম্যাচ ইউরোপে ও বাকী ৩০০টি ম্যাচ আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকায় খেলা হয়েছিল।
ইউরোপোলের পরিচালক ওয়াইনরাইট বলেন, “ইউরোপীয় ফুটবলের জন্য এটি একটি দুঃখজনক দিন। এটি ফুটবলের ভাবমূর্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই খেলাটি পরিচালনার সঙ্গে জড়িত সবারই সতর্কতায় কান দেওয়া উচিত।”
বিশ্বের প্রতিটি মহাদেশেই ফুটবল অত্যন্ত জনপ্রিয়। বিশ্বকাপ ও ইউরোপীয় চ্যাম্পিয়ন্সলিগের খেলা বিশ্বব্যাপী সম্প্রচারিত হয়। এসব খেলা থেকে ফুটবল বিষয়ক জাতীয় সংস্থাগুলো, ক্লাব ও সম্প্রচারকারীরা হাজার হাজার কোটি টাকা আয় করে।
