রাজা তৃতীয় রিচার্ডের কঙ্কাল উদ্ধার
যুক্তরাজ্যে লেইসেস্টারে গাড়ি পার্কিং এর জায়গায় মাটির নিচে খুঁজে পাওয়া কঙ্কাল ইংরেজ রাজা তৃতীয় রিচার্ডের বলে নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা।
গত বছর সেপ্টেম্বরে মাটি খুঁড়ে তোলা ৫শ’ বছরের পুরোনো এ কঙ্কালটির হাড়ের ডিএনএ পরীক্ষা থেকে এটি রাজপরিবারের বংশধরের বলে নিশ্চিত হয়েছেন লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা।
প্রধান প্রত্নতত্ববিদ রিচার্ড বাকলে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে বলেন, নিঃসন্দেহে এটি রিচার্ডেরই কঙ্কাল।
১৪৮৫ সালে সর্বশেষ উত্তরসূরি হেনরি টুডোর বিরুদ্ধে বোসওর্থের যুদ্ধে নিহত হন রিচার্ড। সিংহাসনে বসার মাত্র দুই বছরের মাথায় তিনি মারা যান।
বাকলে বলেন, হাড়ের ডিএনএন পরীক্ষায় কঙ্কালটি ১৪৫৫-১৫৪০ সালের সমসায়িক সময়ের বলে চিহ্নিত হয়েছে।তাছাড়া, এটি একটি পুরুষের কঙ্কাল যার বয়স ২০ এর শেষ দিকে কিংবা ৩০ এর শুরুর দিকের।রিচার্ড ৩২ বছর বয়সে নিহত হয়েছিলেন।
কঙ্কালটিতে ১০টি আঘাতের চিহ্নও পাওয়া গেছে যার মধ্যে ৮টি আঘাতই মাথার খুলিতে। খুলির এ আঘাতগুলোর মধ্যে ধারাল ব্লেড জাতীয় অস্ত্রের বড় ধরনের আঘাতের চিহ্নও রয়েছে যা সচরাচর যুদ্ধের সময়েই ঘটে।
এ কঙ্কাল উদ্ধারের ফলে যুদ্ধে নিহত ইংল্যান্ডের এই রাজার অন্তিম শয্যা নিয়ে ৫শ’ বছরের রহস্যের কিনারা হল।
