২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গুলি ও আত্মঘাতী হামলায় নিহত ৩৩

ইরাকের কিরকুকে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী এবং পুলিশের ছদ্মবেশে বন্দুকধারীরা এ হামলা চালায়।হামলার দায় কেউ স্বীকার করেনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Feb 2013, 09:50 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

ইরাকের কিরকুকে পুলিশ সদরদপ্তরের প্রবেশপথে এক আত্মঘাতী হামলাকারীর বিস্ফোরকভর্তি গাড়ি বিস্ফোরণ এবং পুলিশের ছদ্মবেশী বন্দুকধারীদের হামলায় রোববার অন্তত ৩৩ জন নিহত হয়েছে।পুলিশ একথা জানিয়েছে।

কর্মকর্তারা জানান, জঙ্গিরা পুলিশ দপ্তর দখল করে নিতে চেয়েছিল। কিন্তু তা করতে পারেনি।হামলায় এক পুলিশ প্রধান আহত হয়েছেন।হামলার দায় কেউ স্বীকার করেনি।

আরব, কুর্দি ও তুর্কি অধিবাসীদের উত্তরাঞ্চলীয় এ শহরটিতে গত কয়েক সপ্তাহে এটি তৃতীয় বড় হামলা।

শহরটি রাজধানী বাগদাদ কেন্দ্রিক কেন্দ্রিয় সরকার শাসিত এলাকা ও স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান এলাকার মাঝামাঝি বিরোধপূর্ণ এলাকায় অবস্থিত।

ঘটনা সম্পর্কে পুলিশের এক কর্মকর্তা বলেন, “এক আত্মঘাতী হামলাকারী একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে পুলিশ সদরদপ্তরের প্রবেশপথে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই বিস্ফোরক বেল্ট পরা হামলাকারীরা একে ৪৭ রাইফেল ও গ্রেনেড নিয়ে হামলা চালিয়ে দপ্তরে প্রবেশের চেষ্টা করে।কিন্তু পরে দপ্তরের রক্ষীদের গুলিতে তারা নিহত হয়।”

ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে পুলিশ সদরদপ্তরের সামনের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়, প্রাঙ্গণে রাখা গাড়িগুলো ধ্বংস হয়। নিহতদের প্রাণহীন দেহগুলো ছিন্নভিন্ন হয়ে কংক্রিটের মাঝে পড়ে ছিল।

অন্তত দুইজন বন্দুকধারী ছিল বলে জানিয়েছে পুলিশ।কিরকুকে বেশ কয়েকটি সশস্ত্র দল তৎপর, এদের মধ্যে আল কায়েদার সংশ্লিষ্ট সুন্নি বিদ্রোহীরা অন্যতম।

এই গোষ্ঠীটি শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকি সরকারকে বেকায়দায় ফেলা ও আন্তঃসম্প্রদায়গত উত্তেজনা বৃদ্ধির জন্য প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।