২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরোধীদলের সঙ্গে রাশিয়া ও ইরানের বৈঠক

রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার সম্মিলিত বিরোধীদলীয় নেতা মোয়াজ আল খতিব। এতে সিরিয়ার গৃহযুদ্ধ অবসান প্রচেষ্টায় এক নতুন সম্ভবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Feb 2013, 04:40 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

শনিবার জার্মানির মিউনিখে একটি বার্ষিক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের সময় এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি দৃঢ় সমর্থন দিয়ে আসছে মিত্র রাশিয়া ও ইরান। পরস্পরের সঙ্গে আলোচনায় বসতে অনীহ সিরীয় পক্ষগুলোকে এই দুটি দেশই আলোচনার টেবিলে নিয়ে আসতে পারেন বলে মনে করেন পর্যবেক্ষকরা।

বাশার সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন, আল খতিব এমন ইঙ্গিত দেওয়ার পরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভেরভ তার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে মনে করা হচ্ছে।

বৈঠকের পর আল খতিব বলেন, “রাশিয়ার নিদিষ্ট একটি দৃষ্টিভঙ্গী আছে, কিন্তু সঙ্কট কাঁটিয়ে উঠিতে আমরা আলোচনাকে স্বাগত জানাচ্ছি। অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহির সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করার পর খতিব বলেন, “সিরিয়ার জনগণের দূর্ভোগ লাঘবে একটি সমাধান বের করার বিষয়ে আমরা একমত হয়েছি।”

এছাড়া সম্মেলন চলাকালে আল খতিব আলাদাভাবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমির সঙ্গেও বৈঠক করেছেন।

এসব বৈঠকের বিষয়ে আল খতিবের বক্তব্য হলো, “সম্ভাব্য সবচেয়ে কম প্রাণক্ষয় ও রক্তপাতের মাধ্যমে স্বৈরতান্ত্রিক সরকারকে হটানোর একটি উপায় বের করা।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক সূত্র বলেছে, “সিরিয়া বিষয়ক আলোচনা গতিশীল হয়ে উঠছে, আলোচনায় ইরানও এসেছে। দেখা যাক শেষে কি হয়।”