২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই লাখ টুইটার অ্যাকাউন্ট আক্রান্ত

অনলাইনে যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট টুইটারে হামলা চালিয়েছে হ্যাকাররা। প্রায় আড়াই লাখ অ্যাকাউন্ট হ্যাক করে ব্যবহারকারীদের পাসওয়ার্ড ও অন্যান্য তথ্যে প্রবেশ করে তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Feb 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শুক্রবার টুইটারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

একটি ব্লগপোস্টে টুইটার কর্তৃপক্ষ জানায়, ওই সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বদলে দেয়া হয়েছে এবং তা আক্রান্ত অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জানিয়ে দেয়া হচ্ছে।

ওই ব্লগপোস্টে সম্প্রতি নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। তবে ওই দুই পত্রিকার মত টুইটারের পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক করার বিষয়ে বিস্তারিত বলা হয়নি।

টুইটারের পক্ষ থেকে বলা হয়, “অপেশাদাররা এ হামলা করেনি এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তা আমরা মনে করি না।

“হামলাকারীরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে এবং আমাদের বিশ্বাস সম্প্রতি অন্যান্য কোম্পানি ও প্রতিষ্ঠানও এ ধরনের হামলার শিকার হয়েছে।”

হামলাকারীদের চিহ্নিত করতে সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে টুইটার।

টুইটারের তথ্য অনুযায়ী, মাইক্রোব্লগিংয়ের জনপ্রিয় এই ওয়েবসাইটে প্রায় ২০ কোটি মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে।