ভারতে প্রতি মাসেই বাড়বে ডিজেলের দাম
ভতুর্কি উঠে না যাওয়া পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি ডিজেলের মূল্য লিটার প্রতি মাসে ৪০ থেকে ৫০ পয়সা বাড়বে বলে ঘোষণা করেছে সরকার।
শনিবার দেশটির তেলমন্ত্রী ভিরাপ্পা মোইলি এ ঘোষণা দেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
তিনি বলেন, “পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত, জ্বালানি তেল বাজারজাতকারী কোম্পানিগুলো প্রতিমাসে লিটার প্রতি ডিজেলের দাম ৪০ থেকে ৫০ পয়সা পর্যন্ত বাড়াতে পারবে।”
১৭ জানুয়ারি ভারতীয় সরকার বাজেটের ওপর চাপ সৃষ্টিকারী ভর্তুকি কমাতে রাষ্ট্র পরিচালিত তেল বাজারজাতকারী কোম্পানিগুলোকে ডিজেলের দাম বাড়ানোর নির্দেশ দেয়।
পরেরদিনই তেল বাজারজাতকারী কোম্পানিগুলো ডিজেলের দাম লিটার প্রতি ৪৫ পয়সা বাড়িয়ে সরকারি নির্দেশ পালন করে।
ভারতের প্রধান শহরগুলোতে বর্তমান ডিজেলের মূল্য প্রতি লিটার কলকাতায় ৫১ দশমিক ৫১ রুপি, দিল্লিতে ৪৭ দশমিক ৬৫ রুপি, মুম্বাইয়ে ৫৩ দশমিক ৭১ রুপি ও চেন্নাইয়ে ৫০ দশমিক ৬৮ রুপি।
ভারতে বাজারের চাহিদার ওপর পেট্রলের দাম নির্ভর করলেও ডিজেলের দাম সরকার নির্ধারিত। তবে তেল কোম্পানিগুলোকে অল্পমূল্য বৃদ্ধির স্বাধীনতা দেওয়া হয়েছে।
ভারতে পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে ডিজেলের ব্যবহারই সবচেয়ে বেশি। রাষ্ট্র পরিচালিত তেল পরিশোধনাগারগুলো বর্তমানে ১০ দশমিক ৮০ পয়সা হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল সরবরাহ করছে।
