সিরিয়া: বাইডেন ও ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসছেন ব্রাহিমি
সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতারা সিরিয়ার বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে শনিবার জার্মানির মিউনিখে একটি নিরাপত্তা সম্মেলনে মিলিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি সিরিয়ার বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
সম্মেলনের ফাঁকে বাইডেন ও ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে শুক্রবার জানিয়েছেন ব্রাহিমি। তিনি বলেছেন, সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে একটি আগাম সমাধানের ব্যাপারে তিনি আশাবাদী।
সিরিয়ার সম্মিলিত বিরোধীদলীয় নেতা মোয়াজ আল খতিবের সঙ্গে বৈঠকের এক ফাঁকে এ মন্তব্য করেন ব্রাহিমি।
তিনি বলেন, “সমস্যগুলো সম্পর্কে আমি আরো বেশি সচেতন, দেশটি দিনে দিনে ভেঙে পড়ার চেয়ে আমি একটি সমাধানের পক্ষে।”
সিরিয়ার বিরোধীদলের একজন উচ্চপর্যায়ের নেতা বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করায় নিরাপত্তা বৈঠকে আল খতিবের প্রতি রাশিয়া নমনীয় আচরণ করতে পারে।
বৈঠকটি অনুষ্ঠিত হলে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো সিরিয়ার বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে।
এ বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ব্রাহিমি বলেছেন, “সিরিয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এটাই শেষ সুযোগ।”
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে হঠানোর প্রশ্নে যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরস্পরবিরোধী অবস্থান নিয়ে আছে। যুক্তরাষ্ট্র আসাদকে ক্ষমতায় দেখতে না চাইলেও রাশিয়া এর বিরোধিতা করে বলেছে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
গত ২২ মাস ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।
