ইসরায়েলে হামলার হুঁশিয়ারি সিরিয়ার, জাতিসংঘে নালিশ
দামেস্ক ইসরায়েলি বিমান হামলার ‘বিস্ময়কর’ জবাব দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননে সিরিয়ার রাষ্ট্রদূত।হামলার প্রতিবাদে সিরিয়া ইতোমধ্যেই জাতিসংঘে অনুষ্ঠানিকভাবে নালিশ জানিয়েছে।
সিরিয়া তাদের মাটিতে ইসরায়েলি জঙ্গি বিমান হামলার বিস্ময়কর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে।হামলার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে দেশটি।
দামেস্ক ইসরায়েলি আগ্রাসনের ‘বিস্ময়কর’ জবাব দেয়ার সিদ্ধান্ত নিতে পারে বলে হুঁশিয়ার করেন লেবাননে সিরিয়ার রাষ্ট্রদূত আলি আব্দুল করিম আলি।
ওদিকে, ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাতে গোলানের জাতিসংঘ কমান্ডারকে ডেকে পাঠায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়।ইসরায়েলের কর্মকাণ্ড ১৯৭৪ সালে দুপক্ষের মধ্যকার চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়।পরিস্থিতি দেখভালের জন্য ওই সময় থেকেই গোলান মালভূমিতে রয়েছে জাতিসংঘের পর্যবেক্ষক বাহিনী।
সিরিয়ার সেনাবাহিনীর ভাষ্য, বুধবার দামেস্কের উত্তর-পশ্চিমের সামরিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের জঙ্গি বিমান।
কিন্তু সীমান্তে লেবাননগামী অস্ত্রভর্তি কোনো ট্রাকে ইসরায়েলি হামলা হওয়ার কথা সিরিয়ার সেনাবাহিনী অস্বীকার করেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলের জঙ্গি বিমান সিরিয়ার জামরায়া বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে সরাসরি হামলা চালিয়েছে। এতে দুজন নিহত হওয়াসহ ৫ জন আহত হয়েছে।
এর পাল্টা জবাবের ব্যাপারে সতর্ক করে দিয়ে লেবাননের হিজবুল্লাহ গেরিলা গোষ্ঠীর ওয়েবসাইটে রাষ্ট্রদূত আব্দুল করিম বলেন, “সিরিয়া তাদের সার্বভৌমত্ব এবং ভূখন্ড রক্ষায় সচেষ্ট।”
ইসরায়েল বুধবারের বিমান হামলার ব্যাপারে নিশ্চুপ রয়েছে।তাদের পশ্চিমা মিত্ররাও তেমন কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তবে সিরিয়ার মিত্রদেশ রাশিয়া এরই মধ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্কর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সামরিক গবেষণা কেন্দ্র কিংবা সিরিয়া-লেবানন সীমান্তের সিরিয় অংশে অস্ত্রবাহী ট্রাকে ইসরায়েলি বিমান হামলার পরস্পরবিরোধী খবরে উদ্বেগ প্রকাশ করে মস্কো বলেছে, এ ধরনের হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন; এটি মেনে নেয়া যায় না।
সীমান্ত অঞ্চলে সিরিয়া থেকে লেবাননগামী অস্ত্রবাহী একটি ট্রাক লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে বুধবার জানান এক পশ্চিমা কূটনীতিক।
সিরিয়ার বিদ্রোহীরাও জানায়, ইসরায়েলি বিমান হামলায় সীমান্তপারের প্রধান দামেস্ক-বৈরুত মহাসড়কের ৫ কিলোমিটার দক্ষিণে পার্বত্য এলাকায় একটি গাড়িবহরে বিস্ফোরণ ঘটে।ওই বহরে খুব সম্ভবত উচ্চপ্রযুক্তির বিমান-বিধ্বংসী এবং ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহন করা হচ্ছিল লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের জন্য।
কিন্তু সিরিয়ার রাষ্ট্রীয় টিভি দামেস্কর সামরিক গবেষণা কেন্দ্রে বিমান হামলার খবর জানায়। রাশিয়ার পাশাপাশি ইরান এ হামলার নিন্দা জানিয়েছে।
সিরিয়ার স্থিতিশীলতা ক্ষুন্ন করার চেষ্টায় পশ্চিমা নীতির ভিত্তিতে ইসরায়েল প্রকাশ্যে এ হামলা চালাল বলে নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি।
তেল আবিবের জন্য এ ঘটনা মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে মন্তব্য করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়েনও।
হামলাটি সিরিয়ার অংশে হওয়ার কথা জানিয়েছেন সীমান্ত অঞ্চলের স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা। লেবানিজ এক নিরাপত্তা কর্মকর্তাও লবাননে কোনো হামলা হওয়ার কথা অস্বীকার করেছেন।
তবে লেবাননের আকাশসীমায় ইসরায়েলি জঙ্গিবিমানের আনাগোনা বেড়েছে বলে জানায় লেবাননের সেনাবাহিনী।ইসরায়েল সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
সিরিয়ায় গোলযোগের সুযোগ নিয়ে সেখানকার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিংবা রাসায়নিক অস্ত্র হাতিয়ে নেওয়ার বিরুদ্ধে হিজবুল্লাহদের হুঁশিয়ার করার পরপরই ইসরায়েল বুধবার ওই হামলা চালায়।
বিভিন্ন সূত্রে হামলার খবর পাওয়া গেলেও হামলার ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
সিরিয়ার উন্নত প্রযুক্তির বিমান বিধ্বংসী কামান ও ট্যাংক বিধ্বংসি মিসাইল ইসরাইলের শত্রু লেবাননের হিজবুল্লাহ’র হাতে পৌঁছে যেতে পারে বলে ইসরায়েল বারবারই সতর্ক করে আসছে।
