২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক অচলাবস্থা কাটাতে নেপালে নির্বাচনের ঘোষণা

নেপালের মাওবাদী প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই চলতি বছরের মে মাসে দেশব্যাপী সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনের মাধ্যমেই নেপালের রাজনৈতিক অচলাবস্থার অবসান হতে পারে বলে মনে করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. রয়টার্

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 07:46 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে দলীয় এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

এক দশক ধরে গৃহযুদ্ধ চলার পর স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসে মাওবাদীরা। ফিরে আসার পর অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভও করে। কিন্তু মাওবাদী সরকারের সঙ্গে নেপালের সংবিধান প্রশ্নে বিরোধী দলগুলোর সৃষ্ট দ্বিমতে দেশজুড়ে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে নতুন একটি সংবিধানের খসড়া তৈরিতে ব্যর্থ হওয়ায় ২০১২ সালে মে মাসে নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। তখন থেকে একটি জাতীয় সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী বাবুরামের পদত্যাগ দাবি করে আসছে বিরোধী দলগুলো।

এই দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে রাজপথে বিরোধী দলগুলো সহিংস প্রতিবাদ বিক্ষোভ করেছে। এর পাল্টা হিসেবে নিজেদের শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে কাঠমান্ডুর কেন্দ্রস্থলে সমাবেশ করে ক্ষমতাসীন মাওবাদীরা।

সমাবেশে প্রায় ১০ হাজার মাওবাদী কর্মী-সমর্থক উপস্থিত ছিল। উৎফুল্ল এই সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বাবুরাম নির্বাচনের ঘোষণা দিয়ে বলেন, “মে মাসের মধ্যে নির্বাচন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর কোনো বিকল্প নেই।”

নভেম্বরেই নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি, এই অভিযোগে নির্বাচনে সহযোগিতা করতে অস্বীকার করে বিরোধী দলগুলো। নির্বাচনের ঘোষণাকে অবাস্তব বলে উড়িয়ে দেয় তারা।

গত কয়েক সপ্তাহ যাবৎ নয়টি বিরোধী দলীয় জোট প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করছে। এর মধ্যে তাদের সঙ্গে মাওবাদীদের কয়েকবার সংঘর্ষ হয়েছে। এতে বহু আহতও হয়েছে।

বাবুরাম পদত্যাগ করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী দলীয় জোট। কিন্তু পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন বাবুরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪১ ঘ.