২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলি হামলা

সিরিয়া-লেবানন সীমান্তে একটি গাড়িবহরের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।সিরিয়া থেকে লেবাননগামী অস্ত্রভর্তি ট্রাক লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Jan 2013, 06:44 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

সিরিয়া-লেবানন সীমান্তে বুধবার একটি গাড়িবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স একথা জানিয়েছে। সিরিয়ায় গোলযোগের সুযোগ নিয়ে সেখানকার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিংবা রাসায়নিক অস্ত্র হাতিয়ে নেওয়ার বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের হুঁশিয়ার করার পরপরই ইসরায়েল এ হামলা চালাল। সিরিয়া থেকে লেবাননগামী অস্ত্রবাহী একটি ট্রাক লক্ষ্য করে ইসরায়েল হামলাটি চালায় বলে জানিয়েছেন এক পশ্চিমা কূটনীতিক।তবে ওই রসদ সরবরাহে কোনো রাসায়নিক অস্ত্র ছিল এমনটি মনে করেন না বলেই জানান তিনি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের একটি সূত্র জানায়, ভোরের দিকে একটি বিমান হামলায় সীমান্তপারের প্রধান দামেস্ক-বৈরুত মহাসড়কের ৫ কিলোমিটার দক্ষিণে পার্বত্য এলাকায় একটি গাড়িবহরে বিস্ফোরণ ঘটে।ওই বহরে খুব সম্ভবত উচ্চপ্রযুক্তির বিমান-বিধ্বংসী এবং ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহন করা হচ্ছিল। ট্রাকগুলোতে হিজবুল্লাহদের কাছে অত্যাধুনিক অস্ত্র বহন করা হচ্ছিল এবং হামলাটি সিরিয়ার অংশেই হয়েছে বলে জানান ওই সূত্র। ওই অঞ্চলের স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তাও হামলাটি সিরিয়ার অংশে হওয়ার কথা জানিয়েছেন।লেবানিজ এক নিরাপত্তা কর্মকর্তা লবাননে কোনো হামলা হওয়ার কথা অস্বীকার করেছেন। ইসরায়েল সরকারও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বিভিন্ন সূত্রে হামলার খবর পাওয়া গেলেও হামলার ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে, কি ধরণের বাহিনী ব্যবহার করা হয়েছে অথবা এর ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে পরিস্কার কিছু জানা যায়নি। সিরিয়ার কাছে রাসায়নিক মরণাস্ত্র থাকলেও তারা শুধু শত্রুর অক্রমণ হলেই ওই অস্ত্রের ব্যবহার করবে বলে জানিয়ে আসছে। ইসরাইলের আক্রমণের ফলে সিরিয়া রাসায়নিক অস্ত্রের ব্যবহার শুরু করতে পারে বলে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। সিরিয়ার উন্নত প্রযুক্তির বিমান বিধ্বংসী কামান ও ট্যাংক বিধ্বংসি মিসাইল ইসরাইলের শত্রু লেবাননের হিজবুল্লাহ’র হাতে পৌঁছে যেতে পারে বলে ইসরাইল বার বারই সতর্ক করে আসছে। সিরিয়ার সেনাবাহিনী ওই অঞ্চলে ব্যাপকবিধ্বংসী রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে যুক্তরাষ্ট্র যে হুঁশিয়ারি দিয়েছিল ইসরাইলও তার পুনরাবৃত্তি করছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে তারা লেবাননের আকাশসীমায় ইসরাইলি জঙ্গি বিমান উড়তে দেখেছে। একজন পশ্চিমা কূটনীতিক বলেন, “সেখানে রাতে কিছু একটা ঘটেছিল।” তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।