২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্তের বেড়াজালে যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্কার প্রস্তাব

২৯ জানুয়ারি : আট সিনেটরের প্রস্তাবিত অভিবাসন সংস্কার বিলের পক্ষে মতামত ব্যক্ত করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। লাসভেগাসে ডেল সোল হাই স্কুলে ২৯ জানুয়ারি অপরাহ্নে (বাংলাদেশ সময় বুধবার ভোর রাত) বক্তৃতাকালে ওবামা বলেন, ভঙ্গুর অভিবাসন ব্যবস্থার সুযোগ নিচ্ছে অনেক ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাবলু আনসার, নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 08:19 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

ওবামা বলেন, তারা অবৈধ অভিবাসীদের কাজ দিচ্ছেন কিন্তু ন্যায্য পারিশ্রমিক দিচ্ছেন না। যারা কঠোর শ্রম দিচ্ছেন এবং এই আমেরিকা গড়ছেন-তাদেরকে নানা ভয়ভীতির মধ্যে বাস করতে হচ্ছে। এ অবস্থা দেশের জন্যে যেমন ভাল নয়, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্যেও কল্যাণকর নয়। তাই এখন সময় এসেছে এ অবস্থাকে ঢেলে সাজানোর।

তিনি উল্লেখ করেন, ইমিগ্রেশন ইস্যুতে অনেক দেন-দরবার হয়েছে, সময়ক্ষেপনও হয়েছে অনেক। এখন আর সময় নষ্ট করার সময় নেই। ওবামা তার পরিকল্পনা ব্যক্ত করেন এবং ইমিগ্রেশন ব্যবস্থার আমূল পরিবর্তনে ৪টি বিষয় চিহ্নিত করেন। এগুলো হচ্ছে- ১.সীমান্ত দিয়ে যেন আর কেউ অবৈধভাবে ঢুকতে না পারে এমন ব্যবস্থা গ্রহণ, ২. অবৈধ অভিবাসীদের যারা কাজ দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ৩. নাগরিকত্ব পাওয়ার আগ পর্যন্ত অবৈধ অভিবাসীদের একটি তালিকা তৈরী এবং সে তালিকা অনুযায়ী তারা ট্যাক্স দেবেন এবং কাজের অনুমতি পাবেন। এরপর তারা ইংরেজি শিখবেন, তারা কোন অপকর্মে লিপ্ত নেই তা নিশ্চিত করবেন এবং ৪. স্ট্যটাস এডজাস্টমেন্টের চলমান প্রক্রিয়ায় তারা গ্রিনকার্ডের আবেদন করবেন।

উল্লেখ্য, ওবামা তার নির্বাচনী ওয়াদা পূরণে সীমান্ত নিরাপত্তায় জোর দিয়েছেন। বর্ডার পেট্রল এজেন্টের সংখ্যা দ্বিগুণ করেছেন। এ বিষয়ে রিপাবলিকানদেরও দ্বিমত নেই। অবৈধ অভিবাসীদের যারা কাজ দিচ্ছে তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে গত কয়েক বছরে। যুক্তরাষ্ট্রে বসবাসরত এক কোটি ১০ লক্ষাধিক অবৈধ অভিবাসীকে ভীতিকর পরিবেশে রেখে সামগ্রিক উন্নয়ন-অগ্রযাত্রা সম্ভব নয় বলে ওবামা এ সমাবেশে মন্তব্য করেন।

তিনি কংগ্রেসের আন্তরিক সহায়তা চেয়েছেন অভিবাসন সংস্কার বিল অবিলম্বে পাশের জন্য। ওবামা প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেন, যদি কংগ্রেস দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম না হয় তাহলে আমি নিজের ক্ষমতাবলে একটি প্রস্তাব প্রেরণ করবো- যা ভোটে দিতে তারা বাধ্য হবেন। এ সময় বারাক ওবামা আরো বলেন, আমি এই স্কুল এবং এলাকা বেছে নিয়েছি এ কারণে যে, নাভাদায় ল্যাটিনোদের বসবাস বেড়েছে এবং তারা রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন।

এদিকে ওবামার এ প্রস্তাব প্রসঙ্গে হাউজের স্পিকার রিপাবলিকান জন এ বয়েহনার বলেছেন, ভঙ্গুর অভিবাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে আরো অনেক পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হিস্প্যানিক জনগোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাবেই সিনেট সদস্যরা এ পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে ধারণা বিশ্লেষকদের। এর আগের দিন ২৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে সিনেট সদস্যরা অবৈধ অভিবাসীদের বৈধ করার একটি পরিকল্পনা প্রকাশ করেন।

রিপাবলিকান ও ডেমক্রেট দলের চারজন করে মোট আট সিনেট সদস্য অবৈধ অভিবাসীদের বৈধ করার প্রস্তাবটি তৈরি করেছেন। তারা হলেন ডেমক্রেটিক পার্টির সিনেটর চাক শ্যুমার, ডিক ডারবিন, রবার্ট মেনেন্ডেজ এবং মাইকেল বেনেট। রিপাবলিকান পার্টির সিনেটর জন ম্যাককেইন, লিন্ডসে গ্রাহাম, মারকো রুবিও এবং জেফ ফ্ল্যাক। নতুন রাজনৈতিক বাস্তবতা, জনগণের মনোভাবের পরিবর্তন ইত্যাদি অবৈধ অভিবাসীদের প্রতি আইন প্রণেতাদের দৃষ্টিভঙ্গী পরিবর্তনের কারণ বলে জানিয়েছেন তারা। তবে বিষয়টি খুব সহজ হবে না বলেও তারা জানান।

এই দলের অন্যতম সদস্য আরিজোনার রিপাবলিকান দলীয় সিনেট সদস্য জন ম্যাককেইন বলেছেন, “রিপাবলিকান পার্টি আমাদের হিস্প্যানিক জনগোষ্ঠীর সমর্থন হারাচ্ছে।” এই টিমের অপর সদস্য ডেমক্রেট দলীয় সিনেটর চার্লস শ্যুমার এ প্রসঙ্গে জনগণের মনোভাবের পরিবর্তন হয়েছে বলে জানান। তিনি বলেন, “চার বছর আগে অভিবাসন প্রশ্নে জনতা ‘সীমান্ত রক্ষার’ ওপর বেশি জোর দিত। এখন তারা সীমান্ত রক্ষার পাশাপাশি অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানে নাগরিকত্ব দেওয়ার সুযোগসহ বিস্তৃত সমাধানের পক্ষে।” সিনেটর মেনেন্ডেজ আরো স্পষ্টভাবে বলেছেন, ‘সর্বোপরি, আমেরিকানরা অভিবাসন নীতি সংস্কারের পক্ষে- তা প্রকাশ হচ্ছে জনমত জরিপে। দ্বিতীয়ত: ল্যাটিনো ভোটাররা এ আশা করছেন। তৃতীয়ত: ডেমক্রেটরাও এটি চাচ্ছে এবং চতুর্থত: রিপাবলিকানদেরও এটি প্রয়োজন।’ কংগ্রেসে রিপাবলিকান ও ডেমক্রেটদের কোন বিষয়ে একত্রে কাজ করার উদাহরণ বিরল। তাই তাদের এই যৌথ উদ্যোগ অভিবাসন বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে যথেষ্ট হবে বলেই ধারণা করা হচ্ছে।

আইনপ্রণেতাদের সমর্থন আদায়ের উদ্দেশ্যে প্রস্তাবে অভিবাসন সংস্কারের পাশাপাশি নিরাপত্তা বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে। যে সব বিদেশি স্বল্পমেয়াদি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, তাদের ভিসার মেয়াদ শেষে নিজ নিজ দেশে ফেরত যাওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রস্তাবে কাগজপত্রহীন অভিবাসীদের জরিমানার বিনিময়ে সরকারি রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রাথমিক বৈধতা দিয়ে কাজ করার সুযোগ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এসব অভিবাসীই পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে কোন অবৈধ তৎপরতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত না হলে নাগরিকত্বের জন্য অপেক্ষমাণ এসব মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দেশ থেকে বহিষ্কার বা হেনস্থা করতে পারবে না ।

তবে সিনেটের এ পরিকল্পনায় প্রকৃত অর্থে খুব বেশী খুশী হবার কিছু নেই। ‘মন্দের ভাল’ বলে মন্তব্য করেছেন অনেকে। কারণ, ব্যাকগ্রাউন্ড চেকের পর রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ার্ক পারমিট পেলেও গ্রিনকার্ডের আবেদন করতে পারবেন কবে নাগাদ সেটি নির্ভর করছে সীমান্ত নিñিদ্র নিরাপত্তার আওতায় এসেছে কিনা তার ওপর। এছাড়া কর্মস্থলে নিয়োগের সময় অভিবাসন মর্যাদা পুরোপুরি যাচাইয়ের রীতি অনুসৃত হচ্ছে কিনা সেটিও নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে।

নন-ইমিগ্র্যান্ট ভিসায় যারা যুক্তরাষ্ট্রে আসবে, তারা ফিরে যাচ্ছে কিনা-সে ব্যাপারেও সুস্পষ্ট একটি ডাটা প্রদর্শন করতে হবে কর্তৃপক্ষকে। এরপরই ওয়ার্ক পারমিটধারীরা গ্রিনকার্ডের আবেদন করবেন এবং তা প্রসেসিং হবে সিরিয়াল অনুযায়ী অর্থাৎ স্ট্যাটাস এডজাস্টমেন্টের জন্যে পেন্ডিং আবেদনের সিরিয়ালে রাখা হবে সেগুলো। এভাবে কবে নাগাদ যুক্তরাষ্ট্রের স্থায়ী অধিবাসীর মর্যাদা পেরিয়ে সিটিজেনশিপ লাভ করবেন তা নিশ্চিত করা হয়নি ঐ প্রস্তাবে।

তবে, যারা দক্ষ শ্রমিক, যারা তথ্য-প্রযুক্তি সেক্টরে উচ্চতর ডিগ্রিধারী-তারা সহজে গ্রিনকার্ড পাবেন। একইভাবে শিশু বয়সে মা-বাবার সাথে আমেরিকায় আসার পর যারা অবৈধ অভিবাসীর তালিকাভুক্ত হয়েছেন-এমন যুবকযুবতীদেরকে সরাসরি গ্রিনকার্ড প্রদানের রীতি রয়েছে ঐ প্রস্তাবে।