অস্ট্রেলিয়ার দুটি রাজ্যে বন্যা, ৪ জনের মৃত্যু
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ব্যাপক বন্যায় সোমবার চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এতে রাজ্যদুটিতে রেল ও বিমান চলাচল এবং কয়লা উৎপাদন ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।
ক্রান্তীয় ঘূর্ণিঝড় অসওয়ার্ল্ড তাণ্ডব শেষে গত তিনদিন ধরে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের কয়েকটি এলাকায় ২শ’ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতে নদী উপচে শহরগুলো প্লাবিত হয়েছে।
বন্যায় সবচেয়ে শোচনীয় অবস্থা হয়েছে কুইন্সল্যান্ড রাজ্যের বুন্দাবার্গ, রকহ্যাম্পটন ও ইপসউয়িচ এবং নিউ সাউথ ওয়েলসের উত্তরাঞ্চলীয় গ্রাফটন ও লিসমোর শহরগুলোর।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হেলিকপ্টারের সাহায্যে কুইন্সল্যান্ডের বন্যা কবলিত এলাকাগুলো থেকে এক হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
কুইন্সল্যান্ডের বিরূপ প্রকৃতি অনেকের হৃদয় ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
মৃত চারজনের মধ্যে তিন বছরের এক শিশু রয়েছে বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেনে শিশুটিকে কোলে নিয়ে তার মা বন্যার পানি দেখার সময় একটি গাছ শেকড়সুদ্ধ উপড়ে পড়লে শিশুটি নিহত হয়।
সবচেয়ে বন্যা কবলিত বুন্দাবার্গে ২ হাজারেরও বেশি বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। এতে প্রায় সাড়ে ৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অন্যান্য জায়গায় মানুষজন বন্যার পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ির ওপর আশ্রয় নিয়েছে।
বন্যার কারণে ব্রিসবেনের প্রধান পানি শোধনাগার বন্ধ করে দেওয়ার পর অধিবাসীদের পানি ফুটিয়ে খাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
কুইন্সল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত কয়লা খনিতে পানি প্রবেশ করায় সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্যায় বিমান চলাচলে বিঘ্নসহ রেল চলাচল ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের কয়েকটি রেলপথ বন্ধ রাখা হয়েছে।
তবে এবারের বন্যা এখনও ২০১১ সালের প্রলয়ঙ্করী বন্যাকে ছাপিয়ে যায়নি বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো।
২০১১ সালের বন্যার ফলে অস্ট্রেলিয়ার মোট দেশজ উৎপাদন দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছিল। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ৬শ’ ৮৭ কোটি ডলার ব্যয় করতে হয়েছিল।
