২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে নাইটক্লাবে আগুনে নিহত ২৩৩

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সান্তা মারিয়া শহরে একটি নাইট ক্লাবে রোববার আতশবাজি প্রদর্শনীতে আগুন লেগে কমপক্ষে ২৩৩ জন নিহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Jan 2013, 11:11 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

এছাড়া আহত ৪৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন উদ্ধার তৎপরতায় নেতৃত্বদানকারী সামরিক পুলিশের প্রধান মেজর ক্লেবারসন বাসতিয়ানেলো।

নাইট ক্লাব থেকে সব মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। নিহতরা শ্বাস নিতে না পারায় এবং পদদলিত হয়ে মারা গেছেন।

মৃতের সংখ্যা একবার ২৪৫ জন বলে জানানো হলেও পরে লাশ গণনার পর তা ২৩৩ বলে নিশ্চিত করে পুলিশ।

প্রাদেশিক রাজধানী পোর্তো এলেগ্রে থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে সান্তা মারিয়া শহরের বোয়াতে কিস নাইটক্লাবে চলা আতশবাজি প্রদর্শনীতে আগুন লেগে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনার সময় ক্লাবটিতে আনুমানিক ৫শ’ মানুষ ছিল।

আগুন লাগার পর ধোঁয়ায় কক্ষ পরিপূর্ণ হয়ে যাওয়ায় অনেকেই বাইরে বেরোতে পারেনি। আর কক্ষ থেকে বাইরে বেরোনোর একটি পথ বন্ধ থাকায় শ’শ’ মানুষ ভেতরে আটকা পড়ে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজনের উক্তি, “আমি চারপাশে তাকিয়ে কেবল মেঝেতে মৃতদেহ পড়ে থাকতে দেখেছি।এটা ছিল খুবই ভয়াবহ।সবকিছু চোখের পলকে ঘটে গেছে। কয়েক মুহূর্তের মধ্যে আগুন আর আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

টেলিভিশন ফুটেজে ক্লাবের বাইরে লোকজনকে কাঁদতে দেখা গেছে। দেখা গেছে উদ্ধার তৎপরতাও।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ চিলি সফর সংক্ষিপ্ত করে ঘটনাস্থল পরিদর্শন করতে দেশে ফিরেছেন।

দেশে ফেরার আগে এক টেলিভিশন ভাষণে তিনি অশ্রুসিক্ত চোখে অগ্নিকাণ্ডের শিকার হওয়া মানুষদের সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন।