‘সংবিধান লঙ্ঘন করেছেন ওবামা’
সিনেটকে এড়িয়ে শ্রম পরিষদের কর্মকর্তা নিয়োগ করে প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করেছেন বলে রুল জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।
আদালতের এই রুলের কারণে ফেডারেল প্রশাসনে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সংকুচিত হতে পারে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফেডারেল আপিল আদালত এই রুল জারি করে।
সিনেটের অবকাশকালীন সময়ে প্রেসিডেন্ট কোনো শীর্ষ পদে কর্মকর্তা নিয়োগ দিলে তাকে ‘অবকাশকালীন নিয়োগ’ বলা হয়। সিনেটের অবকাশকালীন সময়ে কোনো শীর্ষপদ কর্মকর্তা শূন্য হলে প্রেসিডেন্ট শুধু তখনই ‘অবকাশকালীন নিয়োগ’ দিতে পারবেন বলেও রুল জারি করেছে আদালত।
আদালত দেখতে পেয়েছে, ২০১২ সালে জানুয়ারিতে ওবামা জাতীয় শ্রম সম্পর্কিত পরিষদের তিন কর্মকর্তাকে মনোনয়ন দেওয়ার সময় সিনেট ‘অবকাশকালীন নিয়োগ’ দেওয়ার মতো অবকাশে ছিল না।
বিরোধী রিপাবলিকানরা তখন ওবামার ওই মনোনয়নের তীব্র বিরোধিতা করেছিল। এই মনোনয়ন নিয়ে ওই সময় যথেষ্ট বিতর্কও সৃষ্টি হয়েছিল।
রিপাবলিকানরা অভিযোগ করেছিল, সিনেট আনুষ্ঠানিকভাবে অবকাশে না যাওয়া সত্বেও অধিকাংশ সদস্য শহরের বাইরে থাকার সুযোগ নিয়ে ওই কর্মকর্তাদের মনোনয়ন চূড়ান্ত করেছেন ওবামা, যার মাধ্যমে সিনেটের ক্ষমতাকে পাশ কাটিয়েছেন তিনি।
আদালতের এই রুলের কারণে বছরে মাত্র কয়েক সপ্তাহ ‘আবকাশকালীন নিয়োগ’ দেওয়ার সময় পাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
