মিশরে বিক্ষোভ, নিহত ৯
সাবেক একনায়ক হোসনি মুবারকবিরোধী গণআন্দোলন শুরুর দ্বিতীয়বর্ষপূর্তিতে শুক্রবার মিশরজুড়ে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ৯জন নিহত হয়েছে।
শনিবার ভোরে সুয়েজে সেনা মোতায়েন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উদারপন্থী বিরোধীদলগুলোর ডাকা বিক্ষোভ-সমাবেশের সময় কায়রো, আলেকজান্দ্রিয়া, সুয়েজ ও পোর্ট সৈয়দের রাস্তায় রাস্তায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এতে মুবারকের পতনের পর মিশরের ইসলামপন্থী ও উদারপন্থীদের রাজনৈতিক বিভক্তি আরো গভীর হয়ে উঠেছে। ইসলামপন্থীরা মুবারকবিরোধী বিপ্লবের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে বলে উদারপন্থীরা অভিযোগ করেছে।
মেডিকেল সূত্রগুলো জানিয়েছে, বিক্ষোভ চলাকালে সুয়েজ শহরে এক পুলিশসহ আটজন নিহত হয়েছে ও ইসমাইলিয়া শহরে অপর একজন নিহত হয়েছে।
মিশরের সরকারী এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারের বিক্ষোভে সারা দেশে মোট ৪শ’ ৫৬ জন আহত হয়েছে।
শুক্রবার কায়রোর তাহরির চত্বরে প্রেসিডেন্ট মুরসির বিরোধী কয়েক হাজার লোক জড়ো হয়। এই একই চত্বর থেকে দুই বছর আগে ২৫ জানুয়ারি মুবারকবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। যে আন্দোলনের মাত্র ১৮ দিনের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট মুবারক।
এর আগে ত্রিশ বছর একটানা দোর্দণ্ডপ্রতাপে প্রায় ফারাও সম্রাটদের মতো একচ্ছত্রভাবে মিশর শাসন করেন মুবারক।
শুক্রবার ভোরের আগেই কায়রোর তাহরির চত্বরের সরকারী ভবনগুলোর কাছে ব্যারিকেড দিয়ে রাখে দাঙ্গা পুলিশ। ভোরেই বিক্ষোভকারীরা সমবেত হয়ে পুলিশকে লক্ষ্য করে পেট্রল বোমা ও পটকা ছুঁড়ে মারে।
পুলিশের ব্যারিকেড ভেঙে সরকারী ভবনগুলোর দিকে এগিয়ে যেতে চাইলে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ছোঁড়ে পুলিশ।
এরপর প্রায় সারাদিনধরেই চত্বরজুড়ে পুলিশের সঙ্গে পাথর নিক্ষেপকারী বিক্ষোভকারীদের সংঘর্ষ চলে।
সুয়েজের সরকারী ভবনগুলো লক্ষ্য করে বিক্ষোভকারী তরুণরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে দাঙ্গা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়ে যায়। রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করে এসব তরুণরা।
সুয়েজের গোলাগুলির ঘটনার স্পষ্ট কোনো তথ্য না পাওয়া গেলেও কিছু প্রত্যক্ষদর্শীর মতে, মুখোশধারী ব্যক্তিদের গুলিবর্ষণের জবাবে পুলিশ পাল্টা গুলি চালায়।
এসব গোলাগুলিতে এখানে এক পুলিশসহ আটজন নিহত হয়েছে।
ইসমাইলিয়া শহরে মুসলিম ব্রাদারহুডের একটি দপ্তর আগুনে পুড়িয়ে দেয় বিরোধীদলগুলোর কর্মীরা।
এসব ঘটনার পর প্রেসিডেন্ট মোহামেদ মুরসি এক বিবৃতিতে ‘দুষ্কৃতকারীদের’ বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, “দুষ্কৃতকারীদের ধরে বিচারের হাতে সোপর্দ করতে রাষ্ট্র দ্বিধা করবে না।”
বিপ্লবের লক্ষ্যগুলোর প্রতি শ্রদ্ধা জানাতে শান্তিপূর্ণভাবে নিজেদের মনোভাব প্রকাশ করতে তিনি মিশরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সুয়েজের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শহরটির পুলিশ প্রধান আরো লোকবল চেয়ে পাঠালে সেখানে সেনা মোতায়েন করা হয়। সুয়েজের বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ করে সেনাবাহিনী জানিয়েছে তারা শহরের নিরাপত্তা পরিস্থিতির প্রয়োজনের অল্প সময়ের জন্য এখানে এসেছে।
সুয়েজের পুলিশ প্রধান আদেল রিফাত রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “এই কঠিন সময় পার না হওয়া পর্যন্ত লোকবল বাড়াতে আমরা সেনাবাহিনীর কাছে তাদের বাহিনী মোতায়েনের আবেদন জানিয়েছি।”
তাহরির চত্বরে সমবেত জনতা মুবারকবিরোধী বিপ্লবের চেতনা আবার ফিরিয়ে আনার লক্ষ্যে আন্দোলন শুরু করতে চায়। তাদের অভিযোগ বিপ্লবের ওই চেতনাকে মুবারকবিরোধী আন্দোলনের অন্যতম শরিক মুসলিম ব্রাদারহুড ‘ছিনতাই’ করেছে।
এই মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ‘ফ্রিডম এন্ড জাস্টিস’ পার্টির প্রার্থী হিসেবেই মুরসি মুবারকহীন মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশকে ইসলামিকরণের দিকে এগিয়ে নিয়ে মুরসি মিশরবাসীর ব্যক্তি ও রাজনৈতিক স্বাধীনতা খর্ব করেছেন বলে অভিযোগ উদারপন্থী বিরোধীদলগুলোর।
সুয়েজ থেকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শহরের সরকারী ভবনগুলোর সামনে ভারীঅস্ত্র বসানো যানসহ সেনারা অবস্থান নিয়েছে।
