মুম্বাই হামলার ‘পরিকল্পনাকারী’ হ্যাডলির ৩৫ বছর সাজা
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাকে মুম্বাই হামলায় বিভিন্নভাবে সাহায্য করার দায়ে মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হ্যাডলিকে ৩৫ বছরের সাজা দিয়েছে শিকাগোর ফেডারেল আদালত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক অবস্থায় অভিযোগ অস্বীকার করলেও পরে ভারতে প্রত্যর্পণ এবং মৃত্যুদণ্ড এড়াতে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে নেন হ্যাডলি। যুক্তরাষ্ট্র প্রশাসনকে তদন্তে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।
শিকাগোর জেলা জজ হ্যারি লিনেনওয়েবার রায়ে বলেন, হ্যাডলি যা করেছেন, তাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তারপরও তদন্তের কাজে সহায়তা করায় তাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেয়া হলো।
মুম্বাইয়ের কোথায় কোথায় কীভাবে হামলার পরিকল্পনা করা হয়েছিল- সে বিষয়ে তদন্তকারীদের তথ্য দিয়েছেন তিনি।
এছাড়া মুসলমানদের জন্য ‘অবমাননাকর’ কার্টুন প্রকাশ করায় ডেনমার্কের একটি পত্রিকার কয়েকজন কর্মকর্তাকে জবাই করার পরিকল্পনার কথাও যুক্তরোষ্ট্রের কর্মকর্তাদের কাছে স্বীকার করেছে হ্যাডলি। তবে ওই পরিকল্পনা পরে বাতিল করা হয়।
বিবিসি জানিয়েছে, মুম্বাই হামলায় জাড়িত থাকার অভিযোগে এফবিআই ২০০৯ সালে শিকাগোয় হ্যাডলিকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের তিনি জানান, লস্কর ই তৈয়বার সঙ্গে ২০০২ সাল থেকে কাজ করে আসছিলেন তিনি।
পাকিস্তানি মা ও আমেরিকান বাবার সন্তান হ্যাডলির প্রথম নাম ছিল দাউদ গিলানি। কিন্তু ২০০৬ সালে নিজেকে একজন আমেরিকান হিসাবে উপস্থাপনের জন্য নিজের নাম বদলে ডেভিড কোলম্যান হ্যাডলি রাখেন তিনি।
মুম্বাই হামলায় অংশ নেয়া একমাত্র জীবিত আসামি পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ডের আদেশ গত বছর নভেম্বরে কার্যকর করে ভারত সরকার।
মুম্বাইয়ে হামলার এক ভিডিওতে কাসাবকে পিঠে ব্যাগ বেঁধে একে-৪৭ রাইফেল হাতে মুম্বাইয়ের প্রধান রেলস্টেশনে হাঁটতে দেখা যায়। হামলায় স্টেশনটিতে প্রায় ৬০ জন সাধারণ মানুষ নিহত হয়।
স্টেশনের হামলাটি মুম্বাইয়ের বিলাসবহুল হোটেল, একটি ইহুদি কেন্দ্রসহ শহরটির প্রধান প্রধান স্থাপনায় চালানো একটি সমন্বিত ধারাবাহিক হামলার অংশ ছিল। তিনদিন ধরে পরিচালিত এই হামলার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধাবস্থা তৈরি হয়ে যায়। সব দ্বিপক্ষীয় আলোচনাও স্থগিত হয়ে যায়।
