অ্যাসপিরিন ‘অন্ধত্বের’ ঝুঁকি বাড়ায়
হৃদরোগ বা এ ধরনের অসুখের কারণে বহু বছর ধরে যারা নিয়মিত অ্যাসপিরিন নিচ্ছেন তাদের ‘দৃষ্টিশক্তি’ হারানোর ঝুঁকি অন্যদের তুলনায় বেশি বলে জানিয়েছেন গবেষকরা।
যারা অ্যাসপিরিন গ্রহণ করেন না তাদের তুলনায় নিয়মিত অ্যাসপিরিন সেবীদের অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি দ্বিগুণ।
গবেষকরা বলছেন, অ্যাসপিরিন সেবনে বয়সের সঙ্গে সঙ্গে এমন এক ধরনের রোগ দেখা দেয়ার আশঙ্কা আছে যাতে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে অন্ধত্ব বরণ করতে হতে পারে।
২ হাজার ৩৮৯ জন মানুষের ওপর গবেষণাটি পরিচালনা করেছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
গবেষকরা মধ্য-ষাটের কোঠার ব্যক্তিদের ওপর এ গবেষণা চালিয়ে দেখতে পান, প্রতি দশ জনে একজন প্রতি সপ্তাহে কমপক্ষে একবার অ্যাসপিরিন সেবন করেন।
গবেষণার সময়টিতে ব্যক্তিদের পাঁচ, দশ ও পনের বছর পর চোখের পরীক্ষা করা হয়।
এরপর তারা দেখতে পান, যারা অ্যাসপিরিন গ্রহণ করেছে তাদের ৯ দশমিক ৩ শতাংশ বসয়ের সাথে সাথে অন্ধত্বের দিকে যাচ্ছে। আর যারা অ্যাসপিরিন সেবন করেনি তাদের মাত্র ৩ দশমিক ৭ শতাংশের ক্ষেত্রে এ ঝুঁকি আছে ।
তবে এ বিষয়ে আরো গবেষণার প্রয়োজন রয়েছে এবং এ গবেষণার পর চিকিৎসকরা ভবিষ্যতে অ্যাসপিরিন সেবনের পরামর্শ দেয়ার আগে আরো একটি বিষয়কে বিবেচনায় আনবেন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
