পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ
বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফসহ আরো ১৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার পাকিস্তানের টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রভাবশালী এক ইসলাম ধর্মীয় নেতার নেতৃত্বে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে এগিয়ে যাওয়া এক দুর্নীতি বিরোধী মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সর্বোচ্চ আদালত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই আদেশ জারি করল।
এতে পাকিস্তানের রাজনৈতিক মহলে বিস্ময়ের সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে।
দুর্নীতির অভিযোগ এনে পাকিস্তান সরকারের পদত্যাগ দাবী করেছেন ওই ধর্মীয় নেতা। তার আন্দোলনের পেছনে পাকিস্তান সেনাবাহিনীর মদদ আছে বলে ধারণা করা হচ্ছিল।
তবে ২০১০ সালে পানি ও বিদ্যুৎ মন্ত্রী থাকাকালে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প অনুমোদন দেয়ার সময় ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ।
তবে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে এমনটি নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।
বিবিসি’র ইসলামাবাদ প্রতিনিধি জানিয়েছেন, ধর্মীয় নেতার আন্দোলনের সময় প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ একটি কাকতালীয় ঘটনা মাত্র। তবে ধর্মীয় নেতাদের বিক্ষোভে বিচার বিভাগ ও সেনাদের মদদ আছে বলে অনেকে মনে করছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সরকার, বিচার বিভাগ ও প্রভাবশালী সেনাবাহিনীর মধ্যে বিরোধ চলছে।
এর আগে প্রেসিডেন্টের বিরূদ্ধে অন্য একটি দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে না পারার দায়ে আদালত আশরাফের পূর্ববর্তী প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে দায়ী করার পর তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়।
যে কারণে ইউসুফ রাজা গিলানীকে আদালতের তোপে পড়ে শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছিল এখন সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফও।
প্রেসিডেন্ট আসিফ আলী খান জারদারির দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হওয়ায় অক্টোবরে আশরাফকে তলবের আদেশ দিয়েছিল পাকিস্তানের সর্বোচ্চ আদালত।
