২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় দূত ডেকে সেনা হত্যার প্রতিবাদ পাকিস্তানের

ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শরত সভরওয়ালকে ডেকে সীমান্তে পাকিস্তানি সেনা হত্যার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 Jan 2013, 05:29 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

ভারতীয় হাইতমিশনারের কাছে “পাকিস্তানি সেনাদের ওপর ভারতীয় সেনাদের বারবার এবং অগ্রহণযোগ্য ও উষ্কানিমূলক হামলার” প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি।

বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতকে “নিয়ন্ত্রণ রেখায় তাদের সেনাদের দ্বারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখার” আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া সাম্প্রতিক সহিংসতায় কাশ্মীরে ভারতের পুঞ্চ সেক্টর ও পাকিস্তানের রাওয়ালকোটের মধ্যে বাণিজ্য ও বাস চলাচল স্থগিত করেছে পাকিস্তান।

পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থা বাড়ানোর লক্ষ্যে বাণিজ্য ও যাতায়াত সেবা চালু করা হয়েছে। এর আওতায় প্রতি সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা বরাবার নির্দিষ্ট স্থানে দেশ দুটি সবজি ও ফলমূল বিনিময় করে।

এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্তনি শুক্রবার বলেছেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ‘যথেস্ট উদ্বেগজনক’।

তিনি বলেছেন, “আমাদের এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর স্বার্থ রক্ষায় আমরা সব ধরনের পদক্ষেপ নেব।”

পাকিস্তান যদি ফের তাদের তল্লাশি চৌকিতে হামলা চালায় তবে তারা ‘সঠিকভাবেই’ এর জবাব দেবে বলে জানিয়েছে ভারত।

মঙ্গলবার দুই ভারতীয় সেনা নিহত এবং এদের মধ্যে একজনের মাথা বিচ্ছিন্ন করার ঘটনার পর থেকে উভয় দেশই সতর্কাবস্থায় রয়েছে।

এর কয়েকদিন আগে ভারতীয় সেনার গুলিতে একজন পাকিস্তানি সেনা নিহতের অভিযোগ তোলে পাকিস্তানের সেনারা।