২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বেতাঙ্গ পুরুষ আধিপত্যের মন্ত্রিসভা, সমালোচিত ওবামা

প্রথমে নারী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের জায়গায় জন কেরিকে মনোনীত করেন তিনি। এরপর চুক হেগেলকে প্রতিরক্ষামন্ত্রী পদে মনোনীত করেন, আর সিআইএ’র প্রধান করেন জন ব্রেনানকে। মনোনয়নপ্রাপ্তরা সবাই শ্বেতাঙ্গ পুরুষ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 Jan 2013, 09:44 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ ও সরকারের অন্যান্য শীর্ষ পদগুলোতে একঝাঁক শ্বেতাঙ্গ পুরুষকে মনোনীত করায় সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিজ দল ডেমক্রেটিক পার্টির ভিতরেই তার সমালোচনা হচ্ছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে জ্যাক লিউকে মনোনীত করেছেন ওবামা। এই নিয়ে চতুর্থ শ্বেতাঙ্গ পুরুষ প্রার্থীকে মন্ত্রিসভার সবচেয়ে আকর্ষণীয় পদগুলোর অপর একটিতে মনোনয়ন দিলেন তিনি।

প্রথমে নারী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের জায়গায় জন কেরিকে মনোনীত করেন তিনি। এরপর চুক হেগেলকে প্রতিরক্ষামন্ত্রী পদে মনোনীত করেন, আর সিআইএ’র প্রধান করেন জন ব্রেনানকে। মনোনয়নপ্রাপ্তরা সবাই শ্বেতাঙ্গ পুরুষ।

এর বিপরীতে, ওবামা মন্ত্রিসভার প্রথম হিস্প্যানিক নারীমন্ত্রী শ্রমমন্ত্রী হিলদা সোলিস বুধবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এছাড়া গত মাসে পরিবেশরক্ষা সংক্রান্ত সংস্থার প্রধান লিসা জ্যাকসন (একজন কৃষ্ণাঙ্গ নারী) জানিয়েছেন, পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।

“এটা অত্যন্ত বিব্রতকর,” ওবামার মনোনয়নের বিষয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন নিউ ইয়র্কের ডেমক্রেট নেতা চার্লস র্যাঙ্গেল। তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের সর্বজে্যষ্ঠ কৃষ্ণাঙ্গ সদস্য।

কংগ্রেসে সব নারী প্রতিনিধি পাঠানো একমাত্র রাজ্য নিউ হ্যাম্পশায়ারের ডেমক্রেট সিনেটর জ্যানি শাহিন বলেছেন, “এসব মনোনয়ন হতাশাজনক।”

“আমরা আমেরিকার সত্যিকার প্রতিনিধিত্বশীল সরকার চাই। তাই আমরা আমাদের উদ্বেগের বিষয়টি প্রকাশ করছি, যেন আমরা সব বর্ণের মানুষের কথা শুনতে পাই,” বলেন তিনি।

এই সমালোচনায় রিপাবলিকানরাও যোগ দিয়েছেন। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক হুকাবে “নারীদের বিরুদ্ধে যুদ্ধ করার” জন্য ওবামাকে অভিযুক্ত করেছেন। নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী মিট রমনির বিরুদ্ধে এই বাক্যটিই ব্যবহার করতো ডেমক্রেটরা।