সিরিয়ার অর্ন্তবর্তী সরকারে আসাদ থাকবেন না: জাতিসংঘ দূত
প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরাসরি পদত্যাগের আহ্বান না জানালেও সিরিয়ায় জাতিসংঘের শান্তি দূত লাখদার ব্রাহিমি খোলাখুলিই এ মন্তব্য করেছেন।
সিরিয়া সঙ্কট সমাধানে ‘জেনিভা পরিকল্পনাই’ এখনো মূল ভিত্তি জানিয়ে জাতিসংঘের শান্তি দূত লাখদার ব্রাহিমি বলেছেন, এর কোনো সামরিক সমাধানের সম্ভাবনা নেই।
জেনিভায় গতবছর শক্তিধর রাষ্ট্রগুলোর বৈঠকে সিরিয়ায় বিবদমান পক্ষগুলোকে নিয়ে একটি অন্তর্বর্তী সরকারের প্রস্তাব করা হয়।
জাতিসংঘ শান্তি দূত ব্রাহিমি কায়রোতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ইঙ্গিত করে বলেন, “তিনি অবশ্যই ওই সরকারের সদস্য থাকবেন না”।
এটা আসাদকে নিয়ে এ পর্যন্ত জাতিসংঘ দূতের করা সবচেয়ে খোলাখুলি মন্তব্য।
ওই সাক্ষাতকারে বুধবার একটি অন্তর্বর্তী সরকারের বিষয়ে তিনি আরো বলেন,“সমাধানের জন্য ২০১৪ পর্যন্ত অপক্ষো করা ঠিক হবে না। তা ২০১৩ সালের মধ্যেই এটা হতে হবে।”
এ সপ্তাহে আসাদের ভাষণকে ‘সমঝোতাহীন’ আখ্যা দিয়ে ব্রাহিমি বলেন,“কয়েকটি দলকে বাদ দিয়ে তিনি নিজের শান্তি প্রস্তাবকে সংকীর্ণ করে ফেলেছেন”।
পাশাপাশি বিদমান সব পক্ষকেই শান্তির জন্য ছাড় দেয়ারও আহ্বান জানিয়েছেন এ শান্তি দূত।
বৃহস্পতিবার জেনিভায় রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ এবং যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ব্রাহিমির।
অন্তবর্তী সরকার গঠনের জন্য আসাদ সরকার এবং বিদ্রোহী সব পক্ষের সবার আগে একটা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়ে জোর দেন জাতিসংঘ দূত।
সিরিয়ার আসাদ সরকারের অনুগত বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
