দিল্লি ধর্ষণ আসামিদের নির্যাতন করা হচ্ছে: দাবি আইনজীবীর
তিন আসামির আইনজীবী এই কথা বললেও এ ব্যাপারে মুখ খোলেননি দিল্লি পুলিশের মুখপাত্র। আর মামলাটি দ্রুত বিচার আদালতে নেয়ার ব্যাপারেও এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
দিল্লি ধর্ষণ মামলায় তিন আসামির স্বীকারোক্তি আদায়ের জন্য তাদের নির্যাচন ও চাপ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী।
কড়া নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার দ্বিতীয় বারের মত আদালতে হাজির করা হয়েছে এ মামলার পাঁচ আসামিকে।
তবে, আসামির আইনজীবীর এ দাবির বিষয়ে মুখ খোলেননি দিল্লি পুলিশের মুখপাত্র।
দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী তরুণীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে তাদের বিচার চলছে।
আসামীরা দোষী প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড দেয়া হবে। অন্যদিকে আরেক সন্দেহভাজনের বয়স ১৭ নিশ্চিত হলে আলাদাভাবে তার বিচার হবে কিশোর আদালতে।
পাঁচ আসামির মধ্যে মুকেশ সিং, অক্ষয় ঠাকুর ও রামসিংযের পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন আইনজীবী মনোহর লাল শর্মা। ১০ দিন ধরে ২২ বছর বয়সী একজন আসামিকে নির্যাতন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
“স্বীকারোক্তি আদায়ে তাকে বাধ্য করা হচ্ছে” বলে বৃহস্পতিবার সকালে আদালতের বাইরে দাবি করেছেন শর্মা।
চতুর্থ আসামী পবন গুপ্ত বলেছেন, তিনি অপরাধ স্বীকার করবেন না। পঞ্চম আসামী বিনয় শর্মা স্বীকার করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।
অন্যদিকে কৌসুলিরা বলছে, আসামিদের বিরূদ্ধে অভিযোগের প্রমাণ হিসেবে চিকিৎসাশাস্ত্র সম্পর্কিত যথেস্ট তথ্য-প্রমাণ তাদের হাতে আছে।
এ বিচারটি দ্রুত বিচার আদালতে নেয়ার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার অভিযোগপত্র আরো খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।
এ ঘটনায় ভারত জুড়ে প্রতিবাদের ঝড় বয়ে গেছে, ধর্ষিত ও নিহতের জন্যে শোকের ছায়া পড়েছে এবং নারীর প্রতি ভারতীয় সমাজের মানসিকতা নিয়ে তৈরি তুমুল বিতর্ক শুরু হয়েছে।
