২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি ধর্ষণকাণ্ড: আইনজীবী পেল ৩ অভিযুক্ত

নয়াদিল্লিতে তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের ৩ জন অবশেষে আত্মপক্ষ সমর্থনে আইনি সহায়তা পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিধান চন্দ্র সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 06:56 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের রাজধানী নয়াদিল্লিতে তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের ৩ জন অবশেষে আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী পেয়েছে।

চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের এ ঘটনাটি ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি করায় বেশির ভাগ আইনজীবীই আসামিদের পক্ষ হয়ে মামলা লড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন।

কিন্তু পরে ৩ অভিযুক্তের আবেদনে মামলা লড়তে রাজি হন আইনজীবীরা।

সোমবার ধর্ষণ মামলায় আসামিদের অভিযুক্ত করে রুদ্ধদ্বার বিচারের নির্দেশ দেয় দিল্লির সাকেত জেলা আদালত।মামলাটির স্পর্শকাতরতার জন্য আইনজীবীরা এদিনও আসামীদের পক্ষ হয়ে লড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন।

কিন্তু পরে দুজন আইনজীবী ভি কে আনন্দ এবং মনোহর লাল শর্মা ৫ অভিযু্ক্তের মামলা নিতে রাজি হন।

তাদের ৩ জন (মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, রাম সিং) মঙ্গলবার আইনি সহায়তা চেয়েছেন বলে জানান ওই দুই আইনজীবী।তবে বাকী দুজনের জন্য কে মামলা লড়বেন তা জানা যায়নি।

আনন্দ রয়টার্সকে বলেন, তিনি জনগণের ভাবাবেগ উপলব্ধি করতে পারছেন। কিন্তু তা নিয়ে বসে থাকলে চলে না।ঘটনার শিকার যে হয়েছে তার মতো অভিযুক্তদেরও ন্যায়বিচার পাওয়া অধিকার আছে।

মনোহর লাল শর্মাও অভিযুক্তদের সুষ্ঠু বিচার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন। আদালতের শুনানিতে ৩ অাসামি সব অভিযোগেই দোষ অস্বীকার করবে বলে জানান তিনি।

৫ অভিযুক্তের বিরুদ্ধে ইতোমধ্যেই অপহরণ, ধর্ষণ ও হত্যাসহ আরো কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

আগামী ১০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। মামলাটি ভারতের নবগঠিত দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হবে বলে ধারণা করা হচ্ছে।

আসামিদের দুইজন শাস্তি এড়াতে সাক্ষ্যপ্রমাণ দেয়ার প্রস্তাব দিয়েছে। ওদিকে, ষষ্ঠ সন্দেহভাজনের বয়স ১৭ হওয়ায় কিশোর আদালতে আলাদাভাবে তার বিচার করা হবে।

মামলার আসামিরা হচ্ছেন, রাম সিং, তার ভাই মুকেশ সিং এবং পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর।

এর মধ্যে বিনয় শর্মা এবং পবন গুপ্ত ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষী দেয়ার আবেদন জানান। এতে করে আরো পরিস্কার তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

বিচারে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের মৃত্যুদণ্ড হতে পারে।

গত ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্রীকে ধর্ষণ ও তার ছেলে বন্ধুসহ তাকে মারধোরের পর তাদের বাস থেকে ফেলে পিষে মারার চেষ্টা করা হয়।

ঘটনার দুই সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তরুণীটি মারা যায়।

এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভকারীরা ধর্ষণবিরোধী কঠোর আইন প্রণয়ন ও পুলিশ প্রশাসনের পুনর্গঠন দাবি করেছে। পুলিশ প্রায়ই অভিযুক্তদের বিরূদ্ধে মামলা দায়ের করতে ব্যর্থ হয় বলে অভিযোগ করছে তারা।