২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে গুলি: সেনা হতাহতের অভিযোগ ভারতের

পাক-ভারত সীমান্তে দু’দিন আগে ভারতীয় সেনার গুলিতে পাকিস্তান তাদের এক সেনা নিহত হওয়ার কথা জানানোর পর ওই অঞ্চলে নতুন করে এ ঘটনা ঘটল।।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Jan 2013, 02:26 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

পাক-ভারত সীমান্তে কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখার(লাইন অব কন্ট্রোল)কাছে পাকিস্তান মঙ্গলবার সেনা পাঠিয়েছে এবং আধঘন্টার বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনা নিহত হওয়াসহ এক সেনা আহত হয়েছে বলে অভিযোগ করেছে ভারত।

সামরিক এক কর্মকর্তা ভারতের ‘টাইমস নাও নিউজ’ চ্যানেলকে বলেন, একজন নিহত সেনার ক্ষতবিক্ষত দেহ পরে জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া গেছে।

ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলের কমান্ডের মুখপাত্র রাজেস কে. কালিয়া ঘটনার বর্নণায় বলেন, পাকিস্তানি সেনারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে সীমান্ত ফাঁড়ির দিকে এগুচ্ছিল। তাদের এ তৎপরতা ধরা পড়ে গেলে দুপক্ষে প্রায় আধঘন্টা গুলি বিনিময়ের পর পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা থেকে পিছু হটে।

এর আগে এক খবরে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল, জম্মু থেকে ২২০ কিলোমিটার উত্তরে মেন্ধার এলাকার কাছাকাছি সেনারা নিয়মিত টহল দেয়ার সময় সীমানার আধা কিলোমিটার ভেতরে পাক সেনাদের সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করে। এসময় সেনারা তাদের আত্মসমর্পণ করতে বললে তারা উল্টো গুলি শুরু করে।

নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি সেনা অনুপ্রবেশের এ ঘটনাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করেছেন রাজেস কে কালিয়া।তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।

পরমাণু শক্তিধর দেশ দুটির সীমান্তে ভারতীয় সেনার গুলিতে পাকিস্তান তাদের এক সেনা নিহত হওয়ার কথা জানানোর দু’দিন পর ওই অঞ্চলে ফের গুলিবিনিময়ের ঘটনা ঘটল।

নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায়ই গুলি বিনিময় ও বিচ্ছিন্ন লড়াই হয়ে থাকে। তবে এসব সংঘাতে তেমন কোন হতাহতের ঘটনা ঘটে না।

২০১২ সালে ৭৫টি সংঘর্ষের ঘটনায় ৭ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সামরিক বাহিনী।

উভয় দেশই কাশ্মীরকে তাদের সীমান্তের অংশ বলে দাবি করে আসছে এবং এ নিয়ে ৬০ বছর ধরে পাক-ভারত বিরোধ চলছে। তবে সম্প্রতি দেশ দুটির সম্পর্কে কিছুটা উন্নতি হচ্ছে।

২০০৩ সাল থেকে কাশ্মীরে দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে।