২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আফগান সেনা’র গুলিতে ব্রিটিশ সেনা নিহত

সাম্প্রতিক সময়ে প্রশিক্ষণরত আফগানদের হামলায় নেটো সেনা নিহতের ঘটনা বেশ বেড়ে গিয়েছে। ২০১২ সালে ৬০ জনেরও বেশি নেটো সেনা এধরনের হামলায় নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চৌধুরী রুবাইয়াৎ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 09:28 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

আফগানিস্তানের নবগটিত নিরাপত্তা বাহিনীর এক সদস্যের গুলিতে নেটো বাহিনীর এক ব্রিটিশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে হামলাকারী নিজেও নেটো বাহিনীর গুলিতে নিহত হয়।

তালেবান বাহিনী হামলাকারীকে নিজেদের লোক বলে দাবি করেছে।

সোমবার হেলমান্দ প্রদেশের নার-ই সেরাজ এলাকার প্যাট্রল বেজ হযরত ঘাঁটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের তিন দিনের যুক্তরাষ্ট্র সফরের মধ্যে এ হামলার ঘটনা ঘটলো। কারজাইয়ের যুক্তরাষ্ট্র সফরেই আফগানিস্তানে অবস্থানকারী মার্কিন সেনাদের ভবিষ্যত নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে।

হেলমান্দ প্রদেশের নেটোর যৌথবাহিনীর মুখপাত্র লরেন্স রোশে জানান, হামলাকারী প্রথমে আফগান সেনা দলের উপরে গুলি ছোড়ার পরে ব্রিটিশ সেনা দলের উপরে গুলি ছোড়ে। এরপর হামলাকারীকেও গুলি করা হয়।

হামলায় আরো অনেক সেনা আহত হয় বলেও জানান তিনি।

এ হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যেই হামলার দায়িত্ব স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করে তালেবান কর্তৃপক্ষ।

আফগানিস্তানের নিজস্ব প্রতিরক্ষা বাহিনী গঠনের উদ্দেশ্যে ‘আফগান ন্যাশনাল আর্মি’র অধীনে আফগান নাগরিকদের প্রশিক্ষণ দেয়ার কাজ করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেটোবাহিনী।

সাম্প্রতিক সময়ে প্রশিক্ষণরত আফগানদের হামলায় নেটো সেনা নিহতের ঘটনা বেশ বেড়ে গিয়েছে। ২০১২ সালে ৬০ জনেরও বেশি নেটো সেনা এধরনের হামলায় নিহত হয়।

২০০১ সাল থেকে এপর্যন্ত আফগানিস্তানে কর্মরত ৪৩৯ জন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

২০১৪ সালের মধ্যে আফগানিস্তান ত্যাগ করার কথা রয়েছে নেটোবাহিনীর।