২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে চট্টগ্রামেও বিমান চলাচল ব্যাহত

কর্মচারীদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট ছেড়ে যায়নি।

মিন্টু চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 09:13 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

কর্মচারীদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট ছেড়ে যায়নি।

দুপুর পর্যন্ত বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট নামলেও সেগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এতে অনেক যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়েছে। ধর্মঘটের কারণে বাতিল হয়েছে বিদেশি একটি এয়ারলাইন্সের ফ্লাইটও।

তবে চট্টগ্রাম-ঢাকা রুটে বেসরকারি বিমানগুলো ছেড়ে গেছে বলে বিমানবন্দর কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিমান বাংলাদেশের চট্টগ্রাম স্টেশন ম্যানেজার হাবীবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে দুবাই, মাস্কট ও আবুধাবী থেকে বিমানের তিনটি ফ্লাইট অবতরণ করেছে। এসব বিমানের যাত্রীদের লাগেজ ও অন্যান্য মালামালও সরবরাহ করা হয়েছে।

তবে ফ্লাইট তিনটি চট্টগ্রাম ছেড়ে যেতে পারেনি বলে জানান তিনি।

বিমানবন্দরের পরিস্থিতি শান্ত রয়েছে দাবি করে তিনি বলেন, “ফ্লাইট ছাড়ার বিষয়ে আমরা ঢাকার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

অন্যদিকে ধর্মঘটের কারণে বিদেশি এয়ারলাইন্স ফ্লাই দুবাইয়ের দুবাইগামী একটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

শাহ আমানত বিমানবন্দর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, রিজেন্ট ও ইউনাইটেড এয়ারওয়েজের অভ্যন্তরীণ রুটের দুটি ফ্লাইট চট্টগ্রাম ছেড়ে গেছে।

বিমান শ্রমিক লীগের সভাপতির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্মঘট শুরু করে শ্রমিক-কর্মচারীরা। এতে কার্যত অচল হয়ে পড়ে দেশের প্রধান বিমানবন্দর।

সাত ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে বিমানকর্মীরা।