হেগেল-ব্রেনান প্রতিরক্ষামন্ত্রী ও সিআইএ প্রধান মনোনীত
হেগেল ও ব্রেনানের মনোনয়নের সম্ভাবনায় যুক্তরাষ্ট্র সিনেটের ডেমক্রেট-রিপাবলিকান উভয়পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা সত্বেও ওবামা তার সিদ্ধান্তে অটল থাকেন।
সাবেক রিপাবলিকান সিনেটর চাক হেগেল যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী ও সন্ত্রাসদমন বিষয়ক উপদেষ্টা জন ব্রেনান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)প্রধান হিসেবে মনোনীত হয়েছেন।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ দুজনের মনোনয়ন ঘোষণা করেছেন।
এ দুজনের মনোনয়নের মাধ্যমে প্রেসিডেন্ট ওবামা জোরালোভাবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করতে যাচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
হেগেল ও ব্রেনানের মনোনয়নের সম্ভবনায় যুক্তরাষ্ট্র সিনেটের ডেমক্রেট-রিপাবলিকান উভয়পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা সত্বেও ওবামা তার সিদ্ধান্তে অটল থাকেন।
ইসরায়েল ও সমকামীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য সমালোচিত হয়েছিলেন হেগেল, আর বুশ প্রশাসনের অধীনে সিআইএ’র কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করা ব্রেনান সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে প্রয়োগকৃত কৌশল (যাকে নির্যাতন হিসেবে বিবেচনা করা হয়) সম্পর্কে তার দৃষ্টিভঙ্গী নিয়ে প্রশ্নবিদ্ধ ছিলেন।
তাদের নাম ঘোষণার সময় ওবামা বলেন, “আমি আশা করছি সিনেট দ্রুত এ মনোনয়ন নিশ্চিত করবে। যখন এটি জাতীয় নিরাপত্তার বিষয়, তখন একজন নেতার বিদায় ও আরেকজনের অভিষেকের মধ্যে খুব বেশি সময় নেওয়াটা আমরা পছন্দ করি না। তাই আমরা চাই এসব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক।
হেগেল, ব্রেনান ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত ডেমক্রেট সিনেটর জন কেরি এই তিনজন মিলে ওবমার জাতীয় প্রতিরক্ষা বিষয়ক দিকগুলো সামলাবেন। এদের আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিদ্যমান অচলাবস্থা ও সামরিক বাজেট হ্রাস করা সংক্রান্ত্র বিষয়গুলো মোকাবেলা করতে হবে।
ওবামার প্রশংসা সত্বেও ডেমক্রেট নিয়ন্ত্রিত সিনেটে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন নিশ্চিত করতে ৬৬ বছর বয়সী হেগেলকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াশিংটনের ইসরায়েলি লবিকে একসময় সমালোচনা করেছিলেন হেগেল, তারা এখন হেগেলের মনোনয়নের বিরুদ্ধতা করার জন্য প্রস্তুত হচ্ছেন।
এদিকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়ার মুখে প্রকাশিত এক সাক্ষাৎকারে হেগেল জানিয়েছেন, তিনি ইসরায়েলবিরোধী নন এবং ইরানের পরমাণু প্রকল্প বন্ধের লক্ষ্যে কঠোর নিষেধাজ্ঞাকে সমর্থন করবেন।
অপরদিকে, সাবেক সিআইএ কর্মকর্তা ৫৭ বছর বয়সী ব্রেনানের মনোনয়ন তেমন বাঁধার মুখে পড়বে না বলেই ধারণা করা হচ্ছে। সিআইএ’র কর্মকর্তা হিসেবে ২৫ বছর কাজ করার অভিজ্ঞতা আছে তার।
২০০৮ সালে সিআইএ প্রধান পদের বিবেচনা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে সিআইএ’র প্রয়োগকৃত কৌশল নিয়ে সমালোচনার মুখে তিনি ওই পদক্ষেপ নিলেও তিনি সরাসরি বিষয়টির সঙ্গে জড়িত বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সিআইএ’র বিতর্কিত ওই জিজ্ঞাসাবাদ কৌশলগুলোর মধ্যে ওয়াটারবোর্ডিং (ডুবে মারা যাওয়ার অনুভূতি তৈরির কৌশল) ও ঘুমাতে না দেওয়া উল্লেখযোগ্য।
সন্ত্রাসদমন বিষয়ে ওবামার প্রধান উপদেষ্টা হিসেবে ব্রেনান ওসামা বিন লাদেন অভিযান পরিকল্পনার অন্যতম প্রধান হিসেবে ভূমিকা রেখেছেন এবং ইয়েমেনে ড্রোন হামলাসহ ওবামা প্রশাসনের অন্যান্য সন্ত্রাসবিরোধী পরিকল্পনাগুলোয় কেন্দ্রীয় চরিত্রগুলোর অন্যতম একজন হিসেবে ভূমিকা পালন করেছেন।
গত বছর প্রণয়ঘটিত কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে পদত্যাগ করা সিআইএর সাবেক পরিচালক জেনারেল ডেভিড পেত্রাউসের স্থলাভিষিক্ত হবেন ব্রেনান।
