যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন প্রতিরক্ষামন্ত্রী হ্যাগেল
ইতোমধ্যে বিরোধীদের চাপের মুখে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুসান রাইস। এ পদের জন্য ওবামার প্রথম পছন্দ হিসেবে পরিচিত ছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সাবেক রিপাবলিকান সিনেটর চাক হ্যাগেলকেই বেছে নিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
আগামী সপ্তাহেই এ সংক্রান্ত ঘোষণা আসছে।
বর্তমান প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার উত্তরসূরি হিসেবে হ্যাগেলের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে জানিয়েছে মার্কিন কংগ্রেস এবং জাতীয় প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন পর্ষদের সূত্রগুলো।
ইতোমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে হ্যাগেলের ভূমিকা কি হতে পারে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে সিনেটে।
ইরান ও ইসরায়েলের মধ্যে বৈরি সম্পর্কের ইস্যুতে হ্যাগেলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন ইসরায়েলপন্থী ও নব্যরক্ষণশীল দল।
এছাড়া দেশটির সমকামী নাগরিকদের নিয়ে অতীতে তার করা মন্তব্যের জের ধরে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা।
১৯৯৮ সালে একজন ঘোষিত সমকামী দক্ষ রাষ্ট্রদূত হতে পারেন কি না-এ বিষয়ক বিতর্কে নিজের করা মন্তব্যের জন্য গত মাসে ক্ষমা চান হ্যাগেল। ওইসময় নিজের করা মন্তব্যকে ‘অসংবেদনশীল’ বলেন তিনি।
তবে হ্যাগেলকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত থেকে ওবামা সরে আসলে তা তার জন্য আরো অপমানজনক হয়ে উঠবে।
ইতোমধ্যে বিরোধীদের চাপের মুখে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুসান রাইস। এ পদের জন্য ওবামার প্রথম পছন্দ হিসেবে পরিচিত ছিলেন তিনি।
হ্যাগেলই নিশ্চিতভাবে প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন, এ তথ্য অস্বীকার করেছে হোয়াইট হাউজ।
কিন্তু এ ব্যাপারে হোয়াইট হাউজের ইঙ্গিত পেয়েছেন বলে দাবি করেছে হ্যাগেলের প্রচারণা শিবিরের সূত্র। এ বিষয়ে কাজ এগিয়ে চলেছে এবং আগামী সোমবার বা মঙ্গলবারই এ বিষয়ে ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে বলে জানায় হ্যাগেল শিবির।
তবে হ্যাগেলের মনোনয়ন নিয়ে কাজ করা একজন রিপাবলিকান কর্মকর্তা জানান, সিনেটের অনুমোদন পেতে বেশ বেগ পেতে হবে হ্যাগেলকে। ‘লড়াইটা বেশ জটিল হতে যাচ্ছে’, বলেন তিনি।
