২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডরে ছুটছেন আমেরিকান অবসরপ্রাপ্তরা

জীবনযাত্রার ব্যয় ও জমির দাম কম এবং আরামদায়ক আবহাওয়ার কারণেই দক্ষিণ আমেরিকার এ দেশটি পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 07:33 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

উত্তর আমেরিকার অবসরপ্রাপ্ত ব্যক্তিদের শেষজীবন কাটানোর জন্য পছন্দের স্থানের তালিকায় টানা পঞ্চম বছরে শীর্ষ স্থান ধরে রেখেছে ইকুয়েডর।

বিশ্বব্যাপী বসবাস পরিস্থিতি বিষয়ক ওয়েবসাইট ইন্টারন্যাশনাল লিভিং ডটকমের বার্ষিক জরিপে এ তথ্য পাওয়া গেছে।

জীবনযাত্রার ব্যয় ও জমির দাম কম এবং আরামদায়ক আবহাওয়ার কারণে দক্ষিণ আমেরিকার এ দেশটি তালিকার শীর্ষে অবস্থান করছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল লিভিং ডটকম।

পেরু ও কলাম্বিয়ার প্রতিবেশী এ দেশটিতে জীবনযাত্রার মাসিক ব্যয় সাধারণত ৯শ’ ডলার থেকে ১ হাজার ৪শ’ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকে বলে জানিয়েছে সংস্থাটি।

তালিকার শীর্ষ পাঁচটি দেশের মধ্যে আরো রয়েছে পানামা, মালয়েশিয়া, মেক্সিকো ও কোস্টারিকা।

জরিপে আমেরিকান ও কানাডীয়দের মধ্যে জনপ্রিয় দেশগুলোতে থাকা প্রতিনিধির মাধ্যমে পাওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এ তালিকা প্রস্তুত করা হয়। সংগৃহীত তথ্যের মধ্যে ছিলো জীবনযাত্রার ব্যয়, আবহাওয়া, সম্পত্তির মূল্য, স্বাস্থ্যসেবা, অবসরকালীন ভাতা, অবসর-বিনোদনসহ যাবতীয় সুযোগ-সুবিধার সমন্বয় প্রভৃতি।

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল লিভিংয়ের কর্মকর্তা ড্যান প্রেশ্চার বলেন, দেশটির অতিথিপরায়ন সংস্কৃতি, চমৎকার আবহাওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে কাছাকাছি অবস্থান- সবকিছু মিলিয়ে এর জনপ্রিয়তা বাড়ছে।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা পানামাতেও একই ধরনের সুযোগ সুবিধা পাওয়া গেলেও সেসব ইকুয়েডরের মতো সুলভ নয় বলে জানান ড্যান প্রেশ্চার।

তালিকায় থাকা শীর্ষ দশের অন্যান্য দেশগুলোর বেশিরভাগই দক্ষিণ আমেরিকার স্প্যানিশভাষী দেশ। এগুলোর মধ্যে রয়েছে উরুগুয়ে, কলাম্বিয়া, স্পেন, থাইল্যান্ড ও মাল্টা।

এ তালিকায় শীর্ষ ২২টি দেশের মধ্যে রয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল ও ইতালি। আরো রয়েছে ফিলিপাইন ও নিউজিল্যান্ড।