২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পিছিয়ে যেতে পারে শ্যাভেজের শপথ গ্রহণ’

প্রেসিডেন্ট শ্যাভেজের জায়গায় এখনো নতুন কারো নাম ঘোষণা করা বা নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কথা বিবেচনা করছে না দেশটির সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 07:32 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারলে আগামী ১০ জানুয়ারি নতুন করে ছয় বছর মেয়াদের জন্য নির্বাচিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠান স্থগিত করা হতে পারে।

শুক্রবার এ কথা জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

মাদুরোর মন্তব্য থেকে এ বিষয়টি পরিষ্কার হয়ে গেছে, প্রেসিডেন্ট শ্যাভেজের জায়গায় এখনো নতুন কারো নাম ঘোষণা করা বা নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কথা বিবেচনা করছে না দেশটির সরকার।

তার বদলে আনুষ্ঠানিক শপথ গ্রহণের অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।

শপথ গ্রহণের দিন শ্যাভেজ কিউবায় থাকলে তা প্রেসিডেন্ট পদ থেকে তার পদত্যাগের সমতুল্য হবে বলে দাবি করেছে ভেনেজুয়েলার বিরোধীদলগুলো।

কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সংবিধানের একটি অনুলিপি তুলে ধরে মাদুরো বলেন, পরবর্তী কোনো এক তারিখে সর্বোচ্চ আদালতের মাধ্যমে শ্যাভেজ শপথ নিলেও কোনো অসুবিধা নেই।

তিনি বলেন, “তার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সর্বোচ্চ আদালতেই সমাধান করা যাবে।”

মাদুরো জানান, “অসুস্থতা সত্বেও দাপ্তরিকভাবে শ্যাভেজকে সম্পূর্ণ অনুপস্থিত ঘোষণা করার কোনো কারণ নেই।”

এ ধরণের ঘোষণায় সংবিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা তৈরি হবে বলে জানান তিনি।

শ্যাভেজ সজ্ঞান আছেন এবং সুস্থ হওয়ার জন্য সংগ্রাম করছেন বলে জানান মাদুরো। গত সপ্তাহে শ্যাভেজকে দেখতে কিউবা গিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট মাদুরো ও জাতীয় আইন পরিষদের প্রধান দিয়োসদাদো ক্যাবেলো।

গত ১১ ডিসেম্বর কিউবার রাজধানী হাভানায় ক্যান্সারের অস্ত্রোপচারের পর ফুসফুসের জটিল সংক্রমণে আক্রান্ত হয়েছেন শ্যাভেজ। এতে তার শ্বাসপ্রশ্বাস অনিয়মিত হয়ে পড়েছে বলে জানা গেছে।

তিনি মারা যাচ্ছেন বলেও কোনো কোনো গণমাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ এসব সত্বেও মাদুরো জোর দিয়ে বলেছেন, “আমরা আবার আমাদের কমান্ডারকে সুস্থ্য অবস্থায় ফিরে পাবো।”