২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়িবোমা হামলায় ২৭ শিয়া পূণ্যার্থী নিহত

মার্কিন বাহিনীর হাতে সুন্নি একনায়ক সাদ্দাম হোসেনের পতনের পর থেকে আরবাইনকে কেন্দ্র করে সমবেত হওয়া শিয়া পূণ্যার্থীরা জঙ্গিদের লক্ষ্যে পরিণত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2013, 04:51 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

ইরাকের মুসায়াব শহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় শিয়া মুসলিম সম্প্রদায়ের অন্তত ২৭ জন পূণ্যার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে শিয়া মুসলিম পূণ্যার্থীরা বাড়ি ফেরার জন্য শহরটির বাস স্টেশনে সমবেত হয়েছিলেন বলে পুলিশ ও গণমাধ্যমসূত্রে জানা গেছে।

এই গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৬০ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, কারবালায় বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পর শিয়া পূণ্যার্থীরা বাগদাদ ও উত্তরাঞ্চলীয় প্রদেশে ফিরতে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় আত্মঘাতী হামলাকারী নিজেই গাড়ি চালিয়ে সেখানে আসে এবং বোমার বিস্ফোরণ ঘটায়।

মুসায়াবের অবস্থান রাজধানী বাগদাদের ৪০ মাইল দক্ষিণে।

আলি সাব্বার নামে প্রত্যক্ষদর্শী এক পূণ্যার্থী বলেন, ‘আমি একটি স্যান্ডউইচ কিনছিলাম। হঠাৎ ওখানেই একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। আমি ছিটকে পড়ে যাই। আমার জ্ঞান ফিরে এলে দাঁড়িয়ে দেখি আশপাশে অসংখ্য দেহ পড়ে আছে।’

তিনি আরো বলেন, ‘বিস্ফোরণে অন্য অনেক গাড়িতে আগুন ধরে যায়। আমি দ্রুত ওই স্থান ত্যাগ করি। এমনকি ঘটনার শিকারদের সরিয়ে আনতেও আমি যাইনি।’

আশুরার চল্লিশ দিন পর আরবাইন বা চেহলাম অনুষ্ঠিত হয়। শিয়া মুসলিমদের কাছে এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে কারবালায় প্রায় দেড় কোটিরও বেশি মানুষ জমায়েত হয়।

মার্কিন বাহিনীর হাতে সুন্নি একনায়ক সাদ্দাম হোসেনের পতনের পর থেকে আরবাইনকে কেন্দ্র করে সমবেত হওয়া শিয়া পূণ্যার্থীরা জঙ্গিদের লক্ষ্যে পরিণত হয়েছে।

সাদ্দাম হোসেনের শাসনামলে দেশটিতে শিয়াদের যেকোনো উৎসব নিষিদ্ধ ছিল।

একবছর আগে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর দেশটিতে প্রায়ই সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। এই বিষয়টিকে কেন্দ্র করে দেশটি আবার অস্থিতিশীল হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।