পাকিস্তানে ৭ সেনা সদস্য অপহৃত
গত সপ্তায় পাকিস্তানের আধাসামরিক বাহিনীর ২৩ সদস্যকে অপহরণ করে তালেবান। তাদের মধ্যে চোখ-হাত বাঁধা এবং মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ২১ জনের লাশ পাওয়া যায়।
পাকিস্তানে একটি বাস থেকে ৭ সেনা সদস্যকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। দেশটিতে অপহৃত আধাসামরিক বাহিনীর ২১ সদস্য তালেবান গোষ্ঠীর হাতে নিহত হওয়ার রেশ না মিলাতেই আবার এই অপহরণের ঘটনা ঘটল।
বুধবারের ওই ঘটনায় অস্ত্রধারীরা সেনা পোশাক পরিহিত অবস্থায় ওই বাস থেকে ৭ সেনা সদস্যের পাশাপাশি একজন ঝাড়ুদারকেও তাদের সঙ্গে যেতে বাধ্য করেছে। এক সেনা কর্মকর্তা ও অন্যান্যসূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ওই সেনা সদস্যরা রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তর থেকে উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার দিকে যাচ্ছিলেন। পাঞ্জাব প্রদেশের জান্ড এলাকায় সেনাদের অপহরণ করা হয়।
এই ঘটনায় তালেবান গোষ্ঠী জড়িত কিনা তা জানার জন্য ওই অঞ্চলের তালেবান কমান্ডার তারিক আফ্রিদির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এমন কি কোনো তালেবান মুখাপাত্রও এ বিষয়টি নিশ্চিত করেনি।
গত সপ্তায় পাকিস্তানের আধাসামরিক বাহিনীর ২৩ সদস্যকে অপহরণ করে তালেবান। তাদের মধ্যে চোখ-হাত বাঁধা এবং মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ২১ জনের লাশ পাওয়া যায়।
বাকি ২ জনের একজন পালিয়ে বাঁচতে সক্ষম হন এবং অপর একজন মারাত্মক আহত হন।
রোববার ওই ২১ জনের মৃতদেহের খোঁজ পাওয়া যায়।
গত দুই বছর ধরে সেনা অভিযান চালিয়ে পাকিস্তানের সোয়াত অঞ্চলের নিয়ন্ত্রণ তালেবানের হাত থেকে পাকিস্তানি বাহিনী নিজেদের হাতে নিতে সক্ষম হলেও জঙ্গিরা এখনো সেখান অপহরণ, হত্যা ও অন্যান্য সহিংস হামলা চালাতে সক্ষম।
দ্র্বুল প্রশিক্ষিত পুলিশ, ব্যয়ভারে ন্যুব্জ আদালত ও দুর্নীতির কারণে পাকিস্তানে জঙ্গিবাদ দমন বাধাগ্রস্ত হচ্ছে।
২০১২ সালের অগাস্টে ১৭ সেনা সদস্যকে অপহরণ করে তালেবান। পরবর্তী সময়ে তাদের মুণ্ডুহীন লাশ পাওয়া যায়।
