হাসপাতাল ছাড়লেন হিলারি
মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় টানা কয়েকদিন হাসপাতালে থাকার পর ছাড়া পেয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন।
মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় টানা কয়েকদিন হাসপাতালে থাকার পর ছাড়া পেয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, হিলারির অবস্থার দ্রুত উন্নতি ঘটছে এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তার চিকিৎসকার।
হিলারি দ্রুত কাজে ফিরতে চান বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
৬৫ বছর বয়সী হিলারিকে বুধবার তার স্বামী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মেয়ে চেলসিয়ার সঙ্গে নিউ ইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এর আগে সর্বশেষ ৭ ডিসেম্বর হিলারিকে জনসম্মুখে দেখা গিয়েছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে সংজ্ঞা হারিয়ে পড়ে গিয়েছিলেন ৬৫ বছর বয়সী হিলারি। সে সময়ের মাথায় আঘাত থেকেই রক্ত জমাট বাঁধার মতো জটিলতার সৃষ্টি হয়।
অবশ্য সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, পেটের পীড়ায় আক্রান্ত হিলারি দুর্বলতার কারণে সংজ্ঞা হারিয়েছিলেন। অসুস্থতার কারণে সে সময় তার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সফর বাতিল করা হয়।
রোববার এমআরআই স্ক্যান করার পর হিলারির দুই চিকিৎসক জানান, তার মাথার ডানপাশে রক্ত জমাট বেঁধেছে খুলি ও মস্তিষ্কের মাঝামাঝি এলাকায়।
চলতি মাসে বারাক ওবামা প্রেসিডেন্ট হিসাবে তার দ্বিতীয় মেয়ার শুরু করার সময়ই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যাচ্ছেন হিলারি ক্লিনটন। ওবামার প্রথম মেয়াদে ২০০৯ সালে ওই দায়িত্ব নিয়েছিলেন তখনকার ডেমোক্র্যাট সিনেটর হিলারি ক্লিনটন।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে গত প্রায় চার বছরে মোট ১১২টি দেশ সফর করেছেন হিলারি। এ কারণে গণমাধ্যমে তাকে সবচেয়ে বেশি বিদেশ ভ্রমণকারী পররাষ্ট্রমন্ত্রীও বলা হয়েছে কখনো কখনো।
গত সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজীতে যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলার ঘটনা নিয়ে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস কমিটির শুনানিতে হাজির হওয়ার কথা রয়েছে হিলারি ক্লিনটনের। বেনগাজীর ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ চারজনের মৃত্যুর পর দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে এবং হিলারিও সমালোচিত হন।
