সিরিয়ার সামরিক পুলিশ প্রধানের পক্ষত্যাগ
সিরিয়ার সামরিক পুলিশ প্রধান জেনারেল আবদেলআজিজ জসিম আল-শালাল বুধবার সরকারপক্ষ ত্যাগ করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে চলমান গণঅভ্যুত্থানে সমর্থন জানিয়েছেন।তিনি পালিয়ে গিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সিরিয়ার সামরিক পুলিশ প্রধান জেনারেল আবদেলআজিজ জসিম আল-শালাল বুধবার সরকারপক্ষ ত্যাগ করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে চলমান গণঅভ্যুত্থানে সমর্থন জানিয়েছেন।তিনি পালিয়ে গিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শালাল সিরিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেয়া অন্যতম উচ্চপদস্থ কর্মকর্তা।
এক ভিডিও বিবৃতিতে আল-শালাল বলেছেন, “সিরিয়ার সেনাবাহিনী দেশের জনগণকে রক্ষায় ব্যর্থ হয়েছে। তারা দেশরক্ষার প্রাথমিক দায়িত্ব থেকে সরে গিয়ে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর হাতিয়ারে পরিণত হয়েছে বলে আমি পদত্যাগ করছি।”
তিনি আরো বলেন, “সেনারা শহর, গ্রাম ধ্বংস করাসহ মুক্ত সিরিয়ার দাবিতে রাস্তায় নামা নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা করছে।”
“মুক্ত সিরিয়া দীর্ঘজীবি হোক” বলে দেশের শুভকামনা করেন তিনি।
শালালের পদত্যাগে আসাদ বাহিনীর প্রতি নৈতিক সমর্থন কমলেও ২১ মাস ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের পক্ষত্যাগ পরিস্থিতির ওপর কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ কোন প্রভাব ফেলেনি।
সিরিয়ার নিরাপত্তা সূত্র শালালের পক্ষত্যাগের খবর নিশ্চিত করেছে। তবে তার মতে এর কোন গুরুত্ব নেই।
“শালাল পক্ষত্যাগ করেছেন, কিন্তু এক মাসের মধ্যেই তিনি অবসরে যেতেন। শুধু নিজেকে বীর হিসাবে উপস্থাপনের জন্য তিনি এ কাজ করেছেন” বলে মন্তব্য করেছেন ওই সূত্র।
কয়েকটি বিদ্রোহী সূত্র আল-শালালের তুরস্কে পালিয়ে যাওয়ার কথা জানায়। তবে তিনি কখন পক্ষত্যাগ করেছেন তা স্পষ্ট জানা যায়নি।
