মিশরের গণভোটে সংবিধান পাস
মিশরে দুই দফা গণভোটে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ইসলামপন্থি সমর্থকদের প্রণীত খসড়া সংবিধানের পক্ষে ৬৩ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সর্বোচ্চ নির্বাচন কমিশন।
রাষ্ট্র-পরিচালিত ‘নীল নিউজ’ টিভিতে সরাসরি ভোটের এ ফল ঘোষণা করা হয়।
মুরসির দল মুসলিম ব্রাদারহুড আগেই ভোটের যে পরিসংখ্যান দিয়েছিল ১৫ ও ২২ ডিসেম্বরে অনুষ্ঠিত দুই দফা গণভোটের এ চূড়ান্ত ফল তার সঙ্গে মিলে গেছে।
নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট সমির আবুল-মাত্তি কায়রোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ভোটের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খতিয়ে দেখেছি।”
সরকারি হিসাবমতে, ভোটার উপস্থিতি ছিল ৩২ দশমিক ৯ শতাংশ।মিশরের প্রধান বিরোধী জোট ‘দ্য ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট’ ভোটে অনিয়ম ও জালিয়াতির যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেন মাত্তি।
গণভোটের আনুষ্ঠানিক এ ফল ঘোষণার পর এখন মিশরে দু’মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
